শুক্রবার আসে আর শুক্রবার যায়
পার্টি নাই। আড্ডা নাই। দুর্যোগের কাল
ঘরে বসে একা একা করি হায় হায়
চারমাস গৃহবন্দি হচ্ছি বেসামাল।
আত্মীয়স্বজন কারো সঙ্গে বন্ধ দেখা
প্রতিক্ষণ আতঙ্কিত করোনায় ভীত
করোনা বিক্ষুব্ধ দিনে বন্ধ পথরেখা
অশান্ত জীবন তৃষ্ণা—ক্ষত-বিক্ষত।
মানুষে মানুষে আজ ভেদাভেদ বাড়ে
শহর বন্দর যত স্তব্ধ চরাচর
পৃথিবী বদলে গেছে কেবা চেনে কারে!
অদ্ভুত আঁধার এলো পৃথিবীর ’পর।
মৃত্যুময় বেঁচে থাকা, তাক ধিনা ধিন
করোনা সঙ্কটে কাটে দুর্বিষহ দিন।
১৬। ৭। ২০২০
