শতকের আশাও শেষ লিভারপুলের!

আপডেট : ১৬ জুলাই ২০২০, ২১:১১

অপরাজেয় শিরোপা কিংবা ঘরের মাঠে সব ম্যাচ জয়ের অনন্য কীর্তি গড়ার সুযোগ আগেই শেষ হয়ে গিয়েছিল লিভারপুলের। বাকি ছিল মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট জেতার রেকর্ড। আর্সেনালের কাছে ২-১ ব্যবধানে হেরে সেটাও খুইয়েছে অল রেডরা।

ম্যানচেস্টার সিটির ২০১৭-১৮ মৌসুমে ১০০ পয়েন্টের রেকর্ড ভাঙতে লিভারপুলকে জিততে হতো বাকি তিন ম্যাচেই। আর্সেনালের বিপক্ষে জয়ের পথেই ছিল লিভারপুল। ২০ মিনিটে সাদিও মানে গোল করেন অ্যান্ড্রু রবার্টসনের ক্রস থেকে।  তবে মূল নাটকের শুরু ৩২ মিনিটে। আর্সেনাল আক্রমণভাগের চাপের মুখে ভার্জিল ফন ডাইক বল দিয়ে বসেন আর্সেনালের অ্যালেক্সান্ডার লাকাজেতকে। ফরাসি এই ফরোয়ার্ডের গোলে সমতা ফেরায় আর্সেনাল। বিরতির ঠিক আগে আবারও রক্ষণের ভুল লিভারপুলের। গোলরক্ষক এলিসন বেকার বল হারান লাকাজেতের কাছেই, তার ক্রস থেকে গোল করেন রেইস নেলসন। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ গোলমুখে ছয়টি শট করেও গোলের দেখা পায়নি লিভারপুল, এর কীর্তি আর্সেনাল গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। ম্যাচসেরার পুরস্কারও ওঠে আর্জেন্টাইন এই গোলরক্ষকের হাতেই।

শিরোপাজয়ীদের হারানোর কারণ হিসেবে আর্সেনাল কোচ আর্তেতা জানালেন, জোর করে করানো ভুলগুলোই ম্যাচের ফলাফল বদলে দিয়েছে। বললেন, ‘আমরা ভুলগুলো জোর করে করিয়েছি। তারা সেটা করেছে, সেটাই পার্থক্য গড়ে দিয়েছে।’ তিনি আরো যোগ করেন, ‘দুই দলের পার্থক্য যখন এত, আর যখন আমাদেরও পয়েন্ট জেতা খুব দরকার তখন কীভাবে জিততে হয় সে ব্যাপারে ম্যাচের আগে আমরা আলোচনা করছিলাম। আমি আনন্দিত কারণ আমার দল সেটা করতে পেরেছে।’

এদিকে লিভারপুল কোচ য়ুর্গেন ক্লপ পুড়ছেন হতাশা-আক্ষেপে। তিনি বলেন, ‘আমি হতাশ আর কিছু বিষয়ে রাগান্বিতও। আমরা ভালোভাবেই শুরু করেছিলাম। আমার মনে পড়ে না আর্সেনালের বিপক্ষে আমরা সর্বশেষ কবে অত ভালো খেলেছি! যোগ্য দল হিসেবেই এগিয়ে গিয়েছিলাম। কিন্তু এরপরই আমরা একটু বিরতি নিলাম আর তাতেই ম্যাচটা হারতে হলো!’

দিনের অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটি ডেভিড সিলভা আর গ্যাব্রিয়েল জেসাসের গোলে বোর্নমাউথকে ২-১ ব্যবধানে হারিয়েছে। সন হিউং মিনের গোল আর হ্যারি কেইনের জোড়া গোলের সুবাদে টটেনহ্যাম হটস্পারও ৩-১ ব্যবধানের জয় তুলে নিয়েছে নিউক্যাসলের বিপক্ষে।