দিনাজপুরের ঘোড়াঘাটে অগ্নিকাণ্ডে বসত ঘরসহ ৬টি দোকান ভস্মীভূত হয়েছে। শুক্রবার রাত ১টার দিকে উপজেলার ডুগডুগীহাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, অগ্নিকাণ্ডে রাফিদ এগ্রো ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিমিটেড, গুদাম ঘর বসতঘর, একটি ভুষিমালের ও একটি হিউম্যান ওষুধের দোকান পুড়ে গেছে। এ অগ্নিকাণ্ডে মোট ৬টি দোকানের প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে দোকান মালিকরা।
রাফিদ এগ্রো ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকার তুহিন সরকার জানান, রাতে তার এক ট্রাক মালামাল আসলে তা গুদামে নামিয়ে নেওয়ার পর সে দোকানের মেইন সুইচ অফ করে বসত ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। রাত ১টা ২০ মিনিটে তার স্ত্রী ঘুম থেকে জেগে দেখে তাদের শয়ন ঘরে আগুন জ্বলছে। তার চিৎকারে বাড়ির লোকজন উঠে দেখে তাদের দোকান, গুদাম ঘরসহ পার্শ্ববর্তী আরো দোকান পুড়ে তাদের ঘরে আগুন ধরেছে। তাদের চিৎকারে বাজারের লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে হাকিমপুর ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়। এ অগ্নিকাণ্ডে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তুহিন সরকার।
আরো পড়ুন: লোহাগড়ায় শতবর্ষী বৃদ্ধাকে গলাকেটে হত্যা
শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম, ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম ও পালশা ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধান।
হাকিমপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. জহুরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডটি একই সঙ্গে চারিদিক থেকে জ্বলে উঠার কারনে ধারণা করা যায়নি এটি লাগিয়ে দেওয়া, না সার্কিট থেকে।
ইত্তেফাক/বিএএফ
