কিছুদিন আগেও একবার স্নেহাশিষ গাঙ্গুলির করোনা পজিটিভের খবর ছড়িয়ে পড়েছিল। কিন্তু পরে সৌরভ গাঙ্গুলি নিজেই জানিয়েছিলেন, খবরটা সঠিক নয়। এবার অবশ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) এক কর্মকর্তাই জানিয়েছেন সৌরভের বড় ভাই স্নেহাশিষ করোনা ভাইরাসে আক্রান্ত। আর এই ঘটনা জানার পর কোয়ারেন্টাইনে গেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলি। সৌরভের বড় ভাই স্নেহাশিষ নিজেও একসময় ক্রিকেটার ছিলেন। রঞ্জি ট্রফি খেলেছেন অনেক বছর। তার জাতীয় দলে সুযোগ পাওয়ার গুঞ্জনও ছিল। কিন্তু জাতীয় দলে খেলতে পারেননি। এখন তিনি সিএবির সাধারণ সম্পাদক। সৌরভদের পারিবারিক ব্যবসা মূলত তিনিও দেখাশোনা করেন। আর এটা করতে গিয়েই তিনি আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে। সিএবির এক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে নিশ্চিত করেছেন স্নেহাশিষের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
