ডিমলায় তালাবদ্ধ ট্রাংকের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার গভীর রাতে ডিমলা উপজেলা সদরের ফরেস্ট বাগান এলাকায় দুইটি তালা দিয়ে আটকানো ট্রাংকটি মেইন রাস্তা সংলগ্ন স্থানে কে বা কারা ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন পরে থাকা ট্রাংকটি দেখে থানা পুলিশকে খবর দেয়। বৃহস্পতিবার দুপুরে পিবিআই রংপুর, সিআইডি রংপুর ঘটনাস্থলে গিয়ে আনুষ্ঠানিকতা শেষে ট্রাংকের তালা ভাঙলে ভেতরে কাপড় দিয়ে মোড়ানো আনুমানিক (৩০) বছর বয়সি এক ব্যক্তির অর্ধগলিত লাশ পাওয়া যায়। ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেলা মর্গে পাঠানো হয়েছে।
