ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধর্মপাড়া গ্রামে ঘুড়ি ওড়াতে গিয়ে শলাকা মাথার ভেতর ঢুকে সুমন হোসেন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সুমন ধর্মপাড়া গ্রামের মুকুল হোসেনের ছেলে। বৃহস্পতিবার ভোররাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ধর্মপাড়া গ্রামের বাসিন্দা রিপন হোসেন জানান, বুধবার বিকালে নিজের কোয়াড়ে ঘুড়ি নিয়ে গ্রামের মাঠে ওড়াতে যায় সুমন। সন্ধ্যায় বাড়ি ফেরার জন্য সুতা গুছিয়ে ঘুড়ি ধরতে গেলে শলাকা তার মাথার ভেতর ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিত্সাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়। শৈলকুপার কচুয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ শামসুজ্জোহা বিষয়টি নিশ্চিত করেছেন।
