না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় বিজ্ঞান লেখক, গবেষক অধ্যাপক আলী আসগর। গতকাল বৃহস্পতিবার ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি... রাজিউন)। আলী আসগর দীর্ঘদিন ধরে মস্তিষ্কজনিত রোগে ভুগছিলেন। গতকাল ভোরে তার হার্ট অ্যাটাকের পরে মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল আসরের নামাজের পর রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থান মসজিদে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর ঐ কবরস্থানেই তাকে দাফন করা হয়। আলী আসগর গণবিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল ফিজিক্স ও বায়ামেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন। তার শতাধিক গবেষণাপ্রবন্ধ প্রকাশিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় জার্নালে।
