গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক

আপডেট : ১৬ জুলাই ২০২০, ২২:০৫

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। আটককৃতরা হলো:গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার আউটপাড়া এলাকার তারেক হোসেন রিফাত (২৩) এবং সিরাজুল ইসলাম শিপন (৩৩)। র্যাব-১-এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এলাকায় অভিযান চালিয়ে একটি চাপাতি এবং একটি চাকুসহ ঐ দুই ছিনতাইকারীকে আটক করা হয়। র্যাব আরো জানায়, আটককৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য।