নারী ও কন্যার প্রতি সহিংসতা রোধ ও ন্যায়বিচার নিশ্চিত করুন

আপডেট : ১৬ জুলাই ২০২০, ২২:০৭

করোনাকালে নারী ও কন্যার প্রতি সহিংসতা রোধ এবং ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার তাগিদ দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। বুধবার এক সংবাদ সম্মেলনে এ তাগিদ দেওয়া হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু। লিখিত বক্তব্য উপস্থাপন করেন ডিরেক্টর লিগ্যাল অ্যাডভোকেসি অ্যান্ড লবি অ্যাডভোকেট মাকছুদা আখতার।

 ডা. ফওজিয়া মোসলেম বলেন, বর্তমান সংকটে পারিবারিক ক্ষেত্রে নারীর কাজের সঙ্গে অন্য কাজের বোঝাও বৃদ্ধি পেয়েছে। কোভিড পরিস্থিতিতে নারীর প্রতি সৃষ্ট চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে দূর করতে হলে আলাদাভাবে বিনিয়োগ করতে হবে। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে ছিল। এই ধারাকে অব্যাহত রাখতে হলে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করতে হবে। মালেকা বানু বলেন, নারী ও কন্যার জন্য পর্যাপ্ত আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করতে হবে, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের ভূমিকা জোরদার করতে হবে, হটলাইনগুলোর কার্যক্রম আরো জোরদার করতে হবে, উপবৃত্তির আত্ততা বৃদ্ধিসহ অনলাইন শিক্ষা কার্যক্রম মেয়েদের নাগালে নিতে হবে, নারীর প্রজনন স্বাস্থ্য নিশ্চিতের উদ্যোগ গ্রহণ করতে হবে।