ডা. সাবরিনার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ

আপডেট : ১৭ জুলাই ২০২০, ০০:৪৪

জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জন ও জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিন হুসাইন ওরফে সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার কমিশনের নিয়মিত বৈঠকে দুদকের উপপরিচালক মোছা. সেলিনা আখতার মনিকে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে অভিযোগটি অনুসন্ধান করে কমিশনে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এর আগে গত ১৩ জুলাই কমিশন তার ব্যাপারে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট তৈরির অভিযোগে গত রবিবার পুলিশ জাতীয় হূদরোগ ইনস্টিটিউট থেকে তাকে গ্রেফতার করে। বর্তমানে তিনি জিজ্ঞাসাবাদের জন্য আদালতের নির্দেশে তিন দিনের পুলিশি রিমান্ডে রয়েছেন।

দুদক সূত্র জানায়, সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে সরকারি চাকরিতে বহাল থেকে তার স্বামী আরিফ চৌধুরীর সহায়তায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে করোনা রোগীদের নমুনা সংগ্রহপূর্বক ১৫ হাজার ৪৬০টি ভুয়া মেডিক্যাল রিপোর্ট প্রস্তুত ও সরবরাহ করে সরকারের মোট ৮ কোটি টাকা হাতিয়ে নেওয়াসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। কমিশনের সংশ্লিষ্ট অণুবিভাগগুলো বিভিন্ন ব্যক্তি, গণমাধ্যম, ভার্চুয়াল মাধ্যমসহ বিভিন্ন উত্স হতে ডা. সাবরিনার  বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ সংগ্রহ করে।