দীর্ঘদিন পর নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে পারফর্ম করলেন প্রতিভাবান অভিনেত্রী সাফা কবির। এবার তিনি ‘ফেয়ার অ্যান্ড লাভলী’র বিজ্ঞাপনের মডেল হয়েছেন। রাসেল শিকদারের নির্দেশনায় সম্প্রতি মিরপুরের কোক ফ্যাক্টরিতে এই বিজ্ঞাপনচিত্রের শুটিং সম্পন্ন হয়েছে। নতুন বিজ্ঞাপনচিত্রে কাজ প্রসঙ্গে সাফা কবির বলেন, ‘আমি অনেক বিজ্ঞাপনে কাজ করেছি। কিন্তু নতুন এই বিজ্ঞাপনটির বাজেট অনেক অনেক বেশি। যে কারণে কাজটিও খুব ভালো হচ্ছে। রাসেল শিকদারের নির্দেশনায় এর আগে একটি নাটকে অভিনয় করেছিলাম। কিন্তু বিজ্ঞাপনে এবারই প্রথম কাজ করলাম। অনেক যত্ন নিয়ে কাজটি করা হয়েছে। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে।’ সাফা কবির জানান শুধু অনলাইনে প্রচারের জন্যই বিজ্ঞাপনটি নির্মিত হচ্ছে। শিগগিরই প্রচারে আসবে বিজ্ঞাপনটি। সাফা প্রথম আলোচনায় আসেন রাহাত রহমানের নির্দেশনায় ‘প্রাণ পিনাট বার’-এর বিজ্ঞাপনে মডেল হিসেবে পারফর্ম করে। তার প্রথম বিজ্ঞাপন ছিল আশফাক উজ্জামান বিপুলের ‘এয়ারটেল’-এর বিজ্ঞাপন। সর্বশেষ গত বছর জুন মাসে ‘স্বপ্নজাল’-এর নায়ক ইয়াশ রোহানের সঙ্গে আইরিনের নিদের্শনায় একটি আইসক্রিমের বিজ্ঞাপনে মডেল হিসেবে পারফর্ম করেছিলেন।
