সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দুদকের মামলার কার্যক্রম স্থগিতই থাকবে

আপডেট : ১৭ জুলাই ২০২০, ০০:৪৫

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়েরকৃত দুদকের মামলার কার্যক্রমের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। তবে মামলা বাতিল প্রশ্নে জারিকৃত রুল ছয় মাসের মধ্যে হাইকোর্টে নিষ্পত্তি করতে বলা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ভার্চুয়াল বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান শুনানি করেন।

পাটকলের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে সরকারের প্রায় ৪০ লাখ ৭০ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগ এনে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ দুই জনের বিরুদ্ধে ২০১৭ সালের ১৭ অক্টোবর মামলা করে দুদক। পরে তার আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল জারি করে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দুদক।