সড়ক মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবি

আপডেট : ১৭ জুলাই ২০২০, ০০:৪৭

আসন্ন ঈদকে কেন্দ্র করে সড়ক-মহাসড়কে পরিবহন থেকে চাঁদা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি। অপরদিকে  ঘরমুখী মানুষ যেন নিরাপদ ও সুষ্ঠুভাবে ঘরে ফিরতে পারে  সে জন্য সড়কে ফিটনেটসবিহীন গাড়ি বের না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও ট্রাক টার্মিনালে সমিতির কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় এ আহ্বান জানানো হয়।

 সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান বলেন, দেশের প্রায় সব সড়ক-মহাসড়কে নির্বিঘ্নে যান চালাচল করছে। কোথাও কোনো যানজটের আশঙ্কা নেই। কিন্তু ঈদুল আজহায় বিশেষ করে মাওয়া-কাওড়াকান্দি এবং দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে অসংখ্য গরুবাহী ট্রাক যানজটের মধ্যে আটকে থাকে। এ অবস্থায় গরুবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে ফেরি পারাপারে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে। এছাড়া দেশের সড়ক-মহাসড়কে নিরাপত্তার কাজে নিয়োজিত হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ গরুবাহী ট্রাকগুলোকে যেন নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারে তার ব্যবস্থা করার জন্য জোর আহ্বান জানানো হয়।