রাজস্থান নিয়ে চরম নাটকীয়তা কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে মামলা

আপডেট : ১৭ জুলাই ২০২০, ২০:৪৮

রাজস্থানে সরকার ভাঙা-গড়া নিয়ে টানাপোড়েনের জেরে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াতের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। ভারতের বিরোধী দল কংগ্রেসের অভিযোগ, ফাঁস হওয়া একটি অডিও টেপে শোনা গিয়েছে, বিদ্রোহী কংগ্রেস বিধায়ক ভানওয়ারলাল শর্মাকে দল বদলানোর জন্য টাকার টোপ দিচ্ছেন গজেন্দ্র। কংগ্রেসের তরফে তার গ্রেফতার দাবি করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে কেন্দ্রীয় ঐ মন্ত্রীর দাবি, অডিওর কণ্ঠস্বর তার নয়।

মুখ্যমন্ত্রী অশোক গহলৌত আগেই অভিযোগ করেছিলেন, সচিন পাইলটের অনুসারী বিধায়কদের সঙ্গে টাকার অঙ্ক নিয়ে বিজেপির দরাদরি চলছে। এবার রাজস্থান পুলিশ কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও ষড়যন্ত্রের অভিযোগে এফআইআর দায়ের করার ফলে পুরো বিষয়টি নতুন মাত্রা পেল। এআইসিসি মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা গতকাল বলেন, ‘বৃহস্পতিবার ফাঁস হওয়া দুইটি অডিওতে বিজেপি নেতাদের সঙ্গে ভানওয়ারের কথাবার্তার প্রমাণ রয়েছে। টেপে স্পষ্ট শোনা গিয়েছে তারা গহলৌত সরকারকে ফেলার জন্য বিধায়ককে টাকার টোপ দিচ্ছেন। একটি কণ্ঠস্বর কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর। চীনের সঙ্গে সীমান্ত নিয়ে উত্তেজনা আর করোনা থেকে নজর ঘোরাতেই রাজস্থানে বিধায়ক কেনাবেচা করে সরকার ফেলতে চাইছে বিজেপি।’ খবর আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভির।

 কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কাউকে টাকার টোপ দেইনি। নিজেকে নির্দোষ প্রমাণ করতে যে কোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। অডিওত যে গলা শোনার যাচ্ছে, তা আমার নয়।’ ভানওয়ার এবং আরেক বিদ্রোহী বিধায়ক বিশ্ববেন্দ্র সিংহকে  এরই মধ্যে বহিষ্কার করেছে কংগ্রেস। ভানওয়ার বলেছেন, ‘আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ঐ অডিও টেপের গলা আমার নয়। কেউ আমার গলা নকল করে এমন করেছে।’

এদিকে বিধায়ক কেনাবেচা মামলায় অভিযুক্ত সঞ্জয় জৈন নামে এক ব্যক্তিকে গ্রেফতারও করেছে রাজস্থান পুলিশ। কংগ্রেসের দাবি, ঐ ব্যক্তি বিজেপির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। যদিও বিজেপি রাজ্য সভাপতি সতীশ পুনিয়ার দাবি, ধৃত ব্যক্তির সঙ্গে তাদের দলের কোনো সংস্রব নেই। বিধায়ক কেনাবেচার ঘটনার তদন্তের জন্য মুখ্যমন্ত্রী গহলৌত ‘স্পেশাল অপারেশনাল গ্রুপ’ গড়েছিলেন আগেই। তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্রের সন্ধান মিলেছে বলে রাজস্থান সরকার সূত্রের দাবি। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে জোধপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী অশোকের ছেলে বৈভব গহলৌতকে হারিয়েছিলেন গজেন্দ্র। এরপরেই তত্কালীন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলটের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ তুলেছিলেন অশোক।