বিবিসি
স্পেনে করোনা ভাইরাস সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় দেশটির উত্তর-পূর্বাঞ্চলের একটি খামারে প্রায় ১ লাখ মিংক হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। স্পেনের আরাগন প্রদেশে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের বিষয়টি প্রথম জানা যায় যখন একটি মিংক খামারের এক কর্মচারীর স্ত্রীর করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ঐ নারীর স্বামীসহ খামারের আরো কয়েকজন কর্মচারী কোভিড পজিটিভ হন। ঐ ঘটনার পর কিছুদিন মিংকগুলোকে আইসোলেশনে নেওয়া হয় এবং কিছুদিনের জন্য পর্যবেক্ষণে রাখা হয়। এরপর ১৩ জুলাই পরীক্ষার পর যখন জানা যায়, প্রায় ৯২ হাজার ৭০০ মিংকের মধ্যে ৮৭ ভাগই করোনা ভাইরাস পজিটিভ। স্বাস্থ্য কর্তৃপক্ষ তখন সবগুলো প্রাণীকে হত্যার নির্দেশ দেয়।
আরাগন অঞ্চলের কৃষি বিষয়ক মন্ত্রী হোয়াকিন ওলোনা বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, মিংকগুলো হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেন ‘মানুষের মধ্যে সংক্রমণের ঝুঁকি’ এড়ানো যায়। প্রাণী থেকে সরাসরি মানুষের মধ্যে এ রোগ সংক্রমণের ঝুঁকি রয়েছে কি-না, সেই বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে জানান ওলোনা। তবে তিনি ধারণা প্রকাশ করেন, খামারের কোনো এক জন কর্মী অনিচ্ছাকৃত প্রাণীগুলোর মধ্যে রোগ সংক্রমণ করেছে।
