এই শতাব্দীর শেষনাগাদ বিশ্বের জনসংখ্যায় যে বিশাল ধস নামবে, সমাজের ওপর তার প্রভাব হবে বিরাট। গবেষকরা বলছেন, জনসংখ্যায় এই বিরাট ধসের জন্য বিশ্ব একেবারেই প্রস্তুত নয়। যেভাবে জন্মহার কমছে, তার ফলে এই শতাব্দীর শেষে বিশ্বের প্রায় সব দেশের জনসংখ্যা কমে যাবে। এর মধ্যে জাপান এবং স্পেনসহ ২৩টি দেশের জনসংখ্যা ২১০০ সালনাগাদ একেবারে অর্ধেক হয়ে যাবে। এর পাশাপাশি সব দেশেই জনসংখ্যার অনুপাতে বয়স্ক মানুষের সংখ্যা অনেকগুণ বেড়ে যাবে। যত নতুন শিশু জন্ম নেবে, ৮০ বছর বা তদূর্ধ্ব মানুষের সংখ্যাও হবে প্রায় তার সমান।
একজন নারী গড়ে যত শিশু জন্ম দেয় তাকে বলে ফার্টিলিটি রেট। এই ফার্টিলিটি রেট অনেক দিন ধরেই কমছে। যখন কোনো দেশে ফার্টিলিটি রেট ২.১ এর নিচে নেমে যায়, তখন সেই দেশের জনসংখ্যা কমতে থাকে। গবেষকরা বলছেন, এই শতকের শেষে ২১০০ সালে ফার্টিলিটি রেট কমে ১ দশমিক ৭-এ নেমে আসবে। গবেষকরা হিসেব করে বলছেন, বিশ্বের জনসংখ্যা বাড়তে বাড়তে ২০৬৪ সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। তখন বিশ্বের জনসংখ্যা দাঁড়াবে ৯৭০ কোটি। এরপর এটি কমতে শুরু করবে। কমতে কমতে ২১০০ সালে এটি হবে ৮৮০ কোটি। খবর বিবিসি বাংলার।
গবেষকদের একজন প্রফেসর ক্রিস্টোফার মারে বিবিসিকে বলেন, ‘এটা এক বিরাট ঘটনা; বিশ্বের বেশির ভাগ অংশেরই এখন উত্তরণ ঘটছে কম জনসংখ্যার দিকে। এটি কত বড় একটা ঘটনা হতে যাচ্ছে সেটা নিয়ে চিন্তা করাও আসলে কঠিন। আমাদের পুরো সমাজব্যবস্থাকেই এর জন্য ঢেলে সাজাতে হবে।’
