সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুরে একটি ক্লিনিক থেকে ৫ ঘণ্টার নিজ নবজাতক সন্তানকে চুরি করেছে পাবনা জেলা ছাত্রলীগের সহসভাপতি মোস্তফা আহমেদ সাদ্দাম। নবজাতককে উদ্ধার ও সাদ্দামকে আটক করেছে সাঁথিয়া থানা পুলিশ।
জানা যায়, গত ১৬ জুলাই (বৃহস্পতিবার) সকালে উপজেলার কাশিনাথপুর ক্রিসেন্ট ক্লিনিকে সন্তান প্রসব করে বেড়া উপজেলার পাইকান্দি গ্রামের আ. সালামের ছেলে ও পাবনা জেলা ছাত্রলীগের সহসভাপতি মোস্তফা আহমেদ সাদ্দামের স্ত্রী রহিমা খাতুন (২২)। জন্মের ৫ ঘণ্টা পরে ক্লিনিক থেকে সন্তানটি উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর সিসি ক্যামেরায় দেখা যায়, নবজাতকটিকে নিজের বাবা সাদ্দাম চুরি করে নিয়ে যাওয়ার দৃশ্য। পরে পুলিশ কাশিনাথপুর থেকে সাদ্দাম (২৬) কে আটক করে। তার দেওয়া তথ্য অনুযায়ী শিশু কন্যাকে শাহজাহাদপুরের এক মহিলার কাছ থেকে বৃহস্পতিবার রাত ৯টায় উদ্ধার করা হয়। মাতৃহীন অবস্থায় দীর্ঘ সময় থাকায় শিশুটি অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সারা দিন নবজাতকটি মাতৃদুধ পান না করায় তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে।
