স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরে এক অটো ব্যবসায়ীকে অপহরণ ও দুই লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় পাঁচ জন অপহরণকারীকে আটক করেছে কোতোয়ালি থানাপুলিশ। আটককৃতরা হলেন, মো. বিপ্লব মহন্ত ওরফে বিল্লা, মো. জাহিদ হাসান (৩৪), মো. হূদয় বাবু ওরফে হাসান (১৯), সুরুজ ইসলাম (২৪) ও আল-আমিন (১৯)। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুটি অটো এবং নগদ ২ হাজার ৩৬০ টাকা উদ্ধার করা হয়েছে।
গতকাল কোতোয়ালি থানা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন আরপিএমপির উপ-পুলিশ কমিশনার ইবনে মিনান। তিনি জানান, শফিকুল ইসলাম একজন সাধারণ ব্যবসায়ী। বৃহস্পতিবার তিস্তা ব্রিজের ওপর থেকে একটি পুরাতন চার্জার অটোসহ তাকে অপহরণ করা হয়।
নিজে চালিয়ে যাওয়ার পথে ব্রিজের ওপর পৌঁছামাত্রই মো. বিপ্লব মহন্ত ওরফে বিল্লা ও মো. জাহিদ হাসান অটোর সামনে মোটরসাইকেল থামিয়ে তার গতিরোধ করেন এবং হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে অপহরণ করে পরশুরাম থানার কুকরুল এলাকার মো. আসাদ হোসেনের ভাড়াটিয়া মো. জাহিদ হাসানের বাড়িতে নিয়ে আটক করে রাখেন। এ সময় তার কাছ থেকে মুক্তিপণ হিসেবে তারা নগদ দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।
তিনি জানান, একপর্যায়ে শফিকুল ইসলাম তার জেঠাতো ভাই জাহাঙ্গীর আলম ও মো. খবিরুল ইসলামকে জানালে তারা পুলিশের সহায়তা চান এবং পুলিশ বৃহস্পতিবার রাতে নগরীর পায়রা চত্বর ও কুকরুল এলাকায় অভিযান চালিয়ে অপহূত শফিকুল ইসলামকে উদ্ধার এবং অপহরণকারীদের আটক করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয় এবং আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়।
