ওদের টার্গেট ঈদবাজারের ক্রেতা

আপডেট : ১৭ জুলাই ২০২০, ২২:৪৫

ইত্তেফাক রিপোর্ট

ঈদ এলেই মলম লাগিয়ে বা অজ্ঞান করে মানুষের টাকা ছিনিয়ে নিতে দল বাঁধে দুর্বৃত্তরা। কখনো ছুরি ধরে, গুলি করে, মলম লাগিয়ে বা অজ্ঞান করে মানুষের টাকা ছিনিয়ে নেয় তারা। এমন ছয় দুর্বৃত্তকে গ্রেফতার করেছে র্যাব। এরা মানুষের চোখে এক ধরনের রাসায়নিক পদার্থ ছিটিয়ে সব লুটে নিত। তারা জনসমাগম ও শপিংমলের আশপাশে অবস্থান নিয়ে এ ধরনের অপরাধ করত বলে জানায় র?্যাব। বৃহস্পতিবার রাতে র্যাব-২-এর একটি টিম রাজধানীর তেজগাঁও রেল ক্রসিং এলাকায় থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো— মোহাম্মদ রুবেল, উজ্জল সরকার, সাদ্দাম হোসাইন, জলিল মিয়া, রানা শেখ ও বেলাল হুসাইন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিভিন্ন ব্র্যান্ডের স্প্রে জাতীয় রাসায়নিক পদার্থ ও মলম। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২-এর উপঅধিনায়ক মেজর এইচ এম পারভেজ আরেফিন।

র্যাবের এ কর্মকর্তা বলেন, ঈদকে সামনে রেখে শপিংমলে কেনাকাটা এবং গণপরিবহনে মানুষের যাতায়াত বেড়েছে। এই সুযোগে তারা বিভিন্ন মানুষকে টার্গেট করে সর্বত্র লুটে নিচ্ছিল। প্রথমে টার্গেট করা ব্যক্তির পিছু নেয়। সুযোগ বুঝে চোখে-মুখে মলম ও রাসায়নিক পদার্থ ছিটিয়ে দিত। এতে চোখ জ্বালাপোড়া শুরু হলে তারা সব ছিনিয়ে নিয়ে নিত। সন্ধ্যার দিকে তাদের দৌরাত্ম্য বেশি ছিল।