ইইউ বৈঠক যেন মাস্কের প্রদর্শনী!

আপডেট : ১৭ জুলাই ২০২০, ২২:৪৯

ইত্তেফাক ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নের নেতারা দরিদ্র সদস্য দেশগুলোর জন্য ১ দশমিক ৬ ট্রিলিয়ন ইউরো বাজেট এবং করোনা ভাইরাস পুনরুদ্ধার তহবিলের বিষয়ে আলোচনা করতে পাঁচ মাসের মধ্যে প্রথমবারের মতো সামনাসামনি বৈঠক করছেন। অপ্রত্যাশিতভাবেই তারা ব্রাসেলসে এই বৈঠকে মিলিত হয়েছেন। করোনা পরিস্থিতির মধ্যেই সেখানে ২৭টি রাষ্ট্রের নেতারা একজোট হয়েছেন। তবে সবার মধ্যে যে করোনার ভয় বিরাজ করছে সেটা বৈঠকে এবং তার আশপাশের সবাই টের পেয়েছেন।

দীর্ঘদিন পর সবার সঙ্গে দেখা হলেও কেউ কারো ধারে-কাছে ঘেঁষছেন না। কারো সঙ্গে হ্যান্ডশেক করছেন না। ভুল করে কেউ হাত বাড়িয়ে দিলেও লজ্জা পেয়ে হাত ফিরিয়ে       নিতে হচ্ছে। আর এক সেকেন্ডের জন্যও কেউ মাস্ক খুলছেন না! বিশ্বমিডিয়াতে এই বৈঠককে ‘মাস্কের প্রদর্শনী’ হিসেবেও উল্লেখ করা হয়েছে। কারণ একেকজন নেতা একেক রঙের একেক ডিজাইনের মাস্ক পরছেন। তাদের এই মাস্ক পরা শত শত ছবি ইউরোপের সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। কেউ কেউ এই বৈঠকের সমালোচনা করলেও অনেকেই সমর্থন দিয়ে বলছেন, একটানা দীর্ঘদিন বৈঠক না করলে ইউরোপীয় অর্থনীতিতে ব্যাপক ধস নামতে পারে। ফলে ব্যাপকসংখ্যক লোক দরিদ্র হয়ে পড়তে পারে। তাই করোনার ঝুঁকি থাকলেও এমন বৈঠকের প্রয়োজন আছে। তবে বিপক্ষ অবলম্বনকারীরা বলছেন, এই বৈঠক থেকে যদি একজন নেতাও করোনায় আক্রান্ত হয়ে মারা যান তবে আয়োজকরা নিজেদের ক্ষমা করতে পারবেন তো!

বৈঠকে এবং বৈঠকের বাইরে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এবং ফ্রান্সের এমানুয়েল ম্যাঁক্রোসহ সব নেতা মাস্ক পরে থাকলেও অন্যান্য বারের মতো তাদের উজ্জীবিত চেহারায় দেখা যায়নি। সবার মধ্যে করোনার অজানা ভয় লক্ষ্য করা গেছে বলে সিএনএন জানায়।