গাইবান্ধার সাঘাটায় জুমারবাড়ি ডা. আব্দুর রাজ্জাক শিশু নিকেতন স্কুলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে রবিবার বিকেল ৩টায় প্রতিষ্ঠান মাঠে অভিভাবক সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই পাবনার ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতির রসক দল ও ডা. আব্দুর রাজ্জাক শিশু নিকেতনের রসক দল আওয়ামীলীগ সরকারের নানা উন্নয়ন নিয়ে গান ও নাটক পরিবেশন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া, এমপি। প্রতিষ্ঠানের পরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার ঘোষ, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু প্রমুখ। শেষে প্রধান অতিথি ফজলে রাব্বী মিয়া মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
