করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন সিনিয়র সাংবাদিক আবদুল্লাহ এম হাসান

আপডেট : ১৮ জুলাই ২০২০, ০১:১৬

সিনিয়র সাংবাদিক জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য দি ফিনান্সিয়াল এক্সপ্রেসের বার্তা সম্পাদক আবদুল্লাহ মোহাম্মদ হাসান (৭২) আর নেই। গতকাল শুক্রবার বিকালে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি গত ৪ জুলাই করোনার উপসর্গ নিয়ে ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন। এরপর পরীক্ষায় করোনা পজিটিভ আসলে তাকে প্লাজমা দেওয়া হয়। পাশাপাশি তার শরীরে বিভিন্ন জটিলতাও ছিল। তিনি স্ত্রী, দুই কন্যা রেখে যান।

আবদুল্লাহ মোহাম্মদ হাসান ১৯৪৮ সালে রংপুর শহরে জন্মগ্রহণ করেন। প্রায় ৫০ বছরের সাংবাদিকতা জীবনে তিনি বাংলাদেশ টাইমস, দি ডেইলি স্টার, দি ডেইলি সান, বাংলাদেশ টুডে, নিউ নেশন, দি টেলিগ্রাফসহ বিভিন্ন ইংরেজি সংবাদপত্রে কাজ করেন। এক দশকেরও বেশি সময় তিনি দি ফিনান্সিয়াল এক্সপ্রেসে বার্তা সম্পাদক ছিলেন।

জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে আবদুল্লাহ মোহাম্মদ হাসানের মৃত্যুত গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা বলেন, তার মৃত্যুতে সাংবাদিক সমাজের অপূরণীয় ক্ষতি হলো। তিনি ছিলেন সদালাপি, মৃদুভাষী ও পেশার প্রতি অত্যন্ত নিষ্ঠাবান। তারা মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।