ভারতে আক্রান্তের সংখ্যা দশ লাখ অতিক্রম

আপডেট : ১৮ জুলাই ২০২০, ০০:৪৪

ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দশ লাখ ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় ৩৫ হাজার মানুষের দেহে সংক্রমণ পাওয়া গেছে। মাত্র তিন দিনে এক লাখ মানুষের মধ্যে সংক্রমণ হয়েছে নতুন করে। এদিকে যুক্তরাষ্ট্রে মাস্ক নিয়ে দ্বন্দ্বের জেরে আটলান্টার মেয়রের বিরুদ্ধে মামলা করেছেন জর্জিয়ার গভর্ণর।

ভারতে আক্রান্ত দশ লাখ ছাড়াল

জুলাই মাসের গোড়া থেকে ভারতে লাফিয়ে লাফিয়ে বেড়েছে করোনা সংক্রমণ। ২ জুলাই যে সংখ্যাটা ছিল ছয় লাখ, সাত জুলাই সেটি সাত লাখ আর ১১ জুলাই সংক্রমিতের সংখ্যা হয়েছিল আট লাখ। একইসঙ্গে মৃত্যু হয়েছে ২৫ হাজারেরও বেশি মানুষের। বিশ্বে ভারতই হল তৃতীয় দেশ, যেখানে করোনা সংক্রমিতের সংখ্যা দশ লাখ ছাড়াল। গণিতজ্ঞরা হিসাব করেছেন, এই হারে সংক্রমণ ছড়াতে থাকলে পহেলা সেপ্টেম্বর করোনা রোগীর সংখ্যা ২৫ লাখ ছাড়িয়ে যেতে পারে। সংক্রমণের হার আরো বাড়লে তা পৌঁছবে প্রায় ৩৫ লাখে।

যুক্তরাষ্ট্রে মাস্ক নিয়ে বিরোধ

প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থক জর্জিয়ার গভর্ণর ব্রায়ান কেম্প চার সপ্তাহের জন্য নাগরিকদের মাস্ক পরার নির্দেশ দিয়েছেন। তিনি মাস্ক বাধ্যতামূলক করার নীতিতে বিশ্বাসী নন। তিনি বলেছেন, এর কোনো প্রয়োজন নেই। গভর্ণর বলেন, মাস্ক বাধ্যতামূলক করলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে। তবে তার রাজ্যের আটলান্টা শহরের মেয়র কেইসা ল্যান্স বোটমের বিরুদ্ধে মামলা করেছেন। একইসঙ্গে এক নির্বাহী আদেশে গভর্ণর মাস্ক নিয়ে স্থানীয় সরকারের নির্দেশনা বাতিল করেছেন। মেয়র মাস্ক বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করেছিলেন। -বিবিসি ও রয়টার্স