গোপালগঞ্জের কোটালীপাড়ার প্রথম সারির করোনাযোদ্ধা জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মণ্ডল করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনার সংক্রমণ শুরু হলে তিনি পাঠাগারের সদস্যদের নিয়ে করোনা প্রতিরোধ টিম গঠন করেন। সুশান্ত মণ্ডলের নেতৃত্বে এ টিমের সদস্যরা উপজেলা ব্যাপী করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযান শুরু করেন। তারা হাট-বাজার ও বাড়ি বাড়ি গিয়ে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে লিফলেট ও মাস্ক বিতরণ করেন। বার বার সাবান পানি দিয়ে হাত পরিষ্কার পরিচ্ছন্নের বিষয়টি তারা সাধারণ মানুষকে হাতে কলমে শিখিয়েছেন। সামাজিক দূরত্ব বজায় রাখতে দোকানের সামনে দূরত্ব চিহ্ন এঁকেছেন। এ টিম উপজেলার কালিগঞ্জের তরমুজ-বাঙ্গির হাট ও ব্যস্ততম এলাকার ভিড় ও গণ জমায়েত রোধে উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী অক্লান্ত পরিশ্রম করেছেন।
সুশান্ত মণ্ডলের নেতৃত্বে করোনায় কর্মহীন অসহায় হত দরিদ্র জনগোষ্ঠীর ঘরে ঘরে মানবিক খাদ্য সহায়তা পৌঁছে দেয় টিম জ্ঞানের আলো পাঠাগার। করোনা মহামারীর মধ্যে সুশান্ত মণ্ডলসহ এ টিমের সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেছে। তারা আর্ত মানবতার সেবা করেছে। প্যানসইটোপ্যানিয়া ও করোনায় আক্রান্ত ঘাঘরকান্দা গ্রামের হতদরিদ্র কৃষক জামাল শেখের ছেলে সবুজ শেখের বোন ম্যারো ট্র্যান্সপ্লান্ট চিকিৎসায় অর্থ সংগ্রহ কাজ শুরু করে জ্ঞানের আলো পাঠাগার।
সম্প্রতি সবুজ শেখ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে রক্তদান করাসহ তাকে সেবা করতে তার সংস্পর্শে আসে জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মণ্ডল। সবুজের করোনা আক্রান্ত হলে সুশান্ত মণ্ডল করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরে তার দেহে করোনা শনাক্ত হয়।
সুশান্ত মণ্ডল বলেন, শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জ্ঞানের আলো পাঠাগার। আমরা এ সংগঠনের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সারা বছর আর্তমানবতার সেবা, শিক্ষা, সংস্কৃতি, খেলা-ধূলার বিকাশ ও মানবিক সব কাজ করি। দুরারোগ্য রোগে আক্রান্তদের জন্য অর্থ সংগ্রহ করে তাদের চিকিৎসার ব্যবস্থা করি। অসহায়দের পাশে দাঁড়িয়ে গৃহহীনদের ঘর করে দেই। আয়বর্ধক সামগ্রী বিতরণ করি। এসব কাজ করতে গিয়েই আমি করোনায় আক্রান্ত হয়েছি। সবার ভালবাসায় সুস্থ হয়ে আবার আর্তের সেবায় কাজ করবো।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাহফুজুর রহমান বলেন, জ্ঞানের আলো পাঠাগার সব সময় শিক্ষা, সমাজসেবা, আর্তমানবতার সেবা ও আর্থসামাজিক উন্নয়নে কাজ করে আসছে। তাদের কাজ উপজেলা বাসীর কাছে খুবই প্রশংসনীয়। এ ভাল কাজ করতে গিয়ে এ পাঠাগারের সভাপতি করোনায় আক্রান্ত হয়েছে। আমি তারা দ্রুত আরোগ্য কামনা করছি।
ইত্তেফাক/এমআরএম
