রাজধানীর মিরপুরের রূপনগরে এক শিশু গৃহকর্মী আছিয়া বেগমের (১০) ওপর অমানুষিক নির্যাতনের অভিযোগে গৃহকর্ত্রী শাহনাজ বেগম ও নির্যাতনে সহায়তাকারী তার স্বামী সাজ্জাদুল বাশারকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে রূপনগর আবাসিক এলাকার ৯ নম্বর রোডের ১৮ নম্বর বাড়ির তৃতীয় তলায়। নির্যাতনের শিকার শিশু গৃহকর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
রূপনগর থানার সাব-ইন্সপেক্টর মো: আসাদুজ্জামান জানান, গৃহকর্তা সাজ্জাদুল বাশার একটি ক্লিনিকে কাজ করেন। তার স্ত্রী শাহনাজ বেগম গৃহিনী। তাদের ভাষ্য নোয়াখালীর হাতিয়ার অছিয়াকে তারা বাসায় কাজে নেন ৪ বছর আগে। কাজের কথা বললে আছিয়া শুনতে চাইতো না এ কারণে তারা নির্যাতন করতেন বলে স্বীকার করেছেন। শনিবার সকালে শিশুটিকে নির্যাতনের সময় সে চিৎকার করতে থাকে। এ সময় আশপাশের লোকজন বাড়ির সামনে জমে যায়। ঠিক তখন রূপনগর থানার টহল টিম সেখানে যায়। প্রতিবেশীরা অভিযোগ করে প্রায় দিনই শিশুটির চিৎকার শোনেন তারা। পরে পুলিশ তিন তলায় গিয়ে শিশু গৃহকর্মীকে নির্যাতনের সত্যতা পায়।
ওই পুলিশ কর্মকর্তা আরো বলেন, এই দম্পতির দুই সন্তান রয়েছে। যার মধ্যে একজনের বয়স ৮ অন্যজন ৬ মাসের শিশু। তাদের বড় সন্তানের মতোই বয়স কাজের মেয়েটির। কিন্তু একবারও তাদের চিন্তা হয় না তাকে নির্যাতন করার সময়। তিনি আরো বলেন, এই দম্পতি দু'টো অপরাধ করেছেন। একটি হলো আন্ডার এইজ এর শিশুকে কাজে নিয়েছেন। অন্যদিকে নির্যাতন করেছেন।
আরেক পুলিশ কর্মকর্তা জানান, শিশুটিকে থানায় নিয়ে আসার পর চার দিকে পুলিশ দেখে ভয় পেয়ে যায়। সে কোন কথা বলতে চায় না। কিছু জানতে চাইলে ভয়ে ভয়ে কথা বলে। সে জানায়, গৃহকর্ত্রীর মেজাজ খারাপ হলে প্রায়ই তার গায়ে গরম পানি ছুঁড়ে মারতেন। গৃহকর্তা দেখেও কিছু বলতেন না। তাকে বাঁচানোর চেষ্টাও করতেন না।
ইত্তেফাক/এমএএম
