বউ ও শাশুড়ি আটক
পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
ছুরিকাহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সাইফুল ইসলাম সুমন (৩৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে তার মৃত্যু হয় বলে জানান পটিয়া থানার ওসি মো. বোরহান উদ্দিন। নিহত সাইফুল কুসুমপুরা ইউনিয়নের আবুল কাশেমের ছেলে। জিজ্ঞাসাবাদের জন্য শাশুড়ি মনোয়ারা বেগম (৫০) ও সুমনের স্ত্রী আরিফা আকতারকে (২৫) পুলিশ আটক করেছে।
পুলিশ জানায়, সুমনের স্ত্রী রাগ করে কুসুমপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বাবার বাড়িতে চলে যান। স্ত্রীকে নিতে গত বৃহস্পতিবার শ্বশুরবাড়িতে যান সুমন। এ সময় সুমনের সঙ্গে তার স্ত্রী ও পরিবারের সদস্যদের ঝগড়া হয়। শ্বশুরবাড়ির লোকজনের দাবি, ঝগড়ার একপর্যায়ে সুমন নিজেই গলায় ছুরি দিয়ে আঘাত করে। পরে তারা সুমনকে চট্টগ্রাম মেডিক্যালে নিয়ে যান। সেখানে চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়েছে।
পটিয়া থানার ওসি মো. বোরহান উদ্দিন বলেন, শ্বশুরবাড়ির লোকজন বলেছেন সুমন নিজেই নিজেকে ছুরিকাঘাত করেছেন। অন্যদিকে সুমনের পরিবারের অভিযোগ, তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
