ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের এএসআই খুনের ঘটনায় গ্রেফতার ২

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২১:১৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির হোসেন (৩৫) খুনের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোররাতে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর ও শাহপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন—চান্দপুর গ্রামের আবুল হোসেন (৩০) ও ইসমাইল হোসেন (২০)। এর মধ্যে ইসমাইল হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত মামুন মিয়ার ভাই।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান জানান, হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত মামুনকে গ্রেফতারের চেষ্টা চলছে। এএসআই আমির হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় থানার আরেক এএসআই মণি শঙ্কর চাকমা বাদী হয়ে শুক্রবার রাতে পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দুই/তিন জনের বিরুদ্ধে মামলা করেছেন। এর আগে শুক্রবার বিকেলে আসামিকে ধরতে গিয়ে খুন হন এ এস আই আমির।