চার ভেন্যুতে আসবেন ৯ ক্রিকেটার

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২১:২৬

আজ শুরু ব্যক্তিগত অনুশীলন

 স্পোর্টস রিপোর্টার

গতকালই ব্যক্তিগত অনুশীলনের জন্য দেশের কয়েকটি ভেন্যু খুলে দেওয়ার কথা ছিল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম প্রস্তুতও ছিল। কিন্তু এক দিন পিছিয়ে আজ থেকে শুরু হচ্ছে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। ঢাকা, সিলেট, খুলনা ও চট্টগ্রামে সাত জন ক্রিকেটার অনুশীলন করার আবেদন করেছেন। তাদের জন্য একটি অনুশীলন সূচিও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সর্বশেষ গত মার্চে ক্রিকেট খেলা হয়েছিল, ক্রিকেটারদের কোনো সক্রিয়তা ছিল না স্টেডিয়ামে। এর পর করোনা মহামারির কারণে স্থগিত করে দেওয়া হয় খেলা ও অনুশীলন। মাঝে ক্রিকেটারদের আবেদনে কয়েকবার ব্যক্তিগত অনুশীলন শুরুর পরিকল্পনাও হয়েছে। নানা কারণে সেটা শুরু হয়নি। অবশেষে আজ থেকে সেই ব্যক্তিগত অনুশীলন শুরু হচ্ছে।

ঢাকায় অনুশীলন করবেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন ও শফিউল ইসলাম। সিলেটে অনুশীলন করবেন সৈয়দ খালেদ ও নাসুম আহমেদ। খুলনায় অনুশীলন করবেন মাহাদী হাসান ও নুরুল হাসান সোহান। আর চট্টগ্রামে অনুশীলন করবেন নাঈম হাসান।

তবে ক্রিকেটাররা একসঙ্গে অনুশীলন করতে পারবেন না। একটা সূচি বানিয়ে দেওয়া হয়েছে বিসিবি থেকে। সে অনুযায়ী একজন ক্রিকেটার বেরিয়ে গেলে আরেকজন অনুশীলনে ঢুকবেন। ঢাকায় থাকছে ব্যাটিং ও রানিং করার সুবিধা। তবে বাকি ভেন্যুগুলোতে আপাতত শুধু রানিং ও জিম করতে পারবেন ক্রিকেটাররা।

আপাতত এই সুবিধাটাকেই একটা মুক্তি হিসেবে দেখছেন ক্রিকেটাররা। দীর্ঘ দিন বাড়িতে আটকে থাকার পর মাঠে আসতে পারাটাকেই একটা প্রাপ্তি মনে হচ্ছে ইমরুল কায়েসের। তিনি বলছিলেন, ‘লম্বা এই সময় তো বাসা থেকে বেরই হওয়া হয়নি। বাসায় যা একটু জিম করেছি। এর বাইরে আর কিছু করা হয়নি। ফলে এতদিন পর আবার মাঠে যাওয়ার সুযোগটা ছাড়িনি। নিজেকে তৈরি করে নেওয়ার শারীরিক ও মানসিক একটা ভালো সুযোগ এটা।’

আজ প্রথম খেলোয়াড় হিসেবে অনুশীলনে আসবেন মোহাম্মদ মিঠুন। তিনি ৯টা থেকে ৯টা ৫০ মিনিট পর্যন্ত ব্যাটিং করবেন। ১০টা থেকে ব্যাটিং করবেন মুশফিকুর রহিম। আর এই ব্যাটিংটাকেই অন্যতম আকর্ষণ মনে করছেন ইমরুল। তিনি বলছিলেন, ‘বাসায় আর সব করা যায়। কিন্তু ব্যাটিং তো করা যায় না। ফলে নক করাটা একটা সমস্যা হয়ে যাচ্ছিল। সেটা এই অনুশীলনে আশা করি কেটে যাবে।’

সবকিছু ঠিকমতো চললে ঈদের পর বিসিবি দলগত অনুশীলন নিয়েও চিন্তা ভাবনা করছে।