সিটিকে আবারও মরিনহোর খোঁচা

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২১:২৮

স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার সিটির ওপর চ্যাম্পিয়ন্স লিগ নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরেই এর প্রতি বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন হোসে মরিনহো। সে মন্তব্যের সপ্তাহ না ঘুরতেই আবারও গেলবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের বাক্যবাণে জড়ালেন পতুর্গিজ কোচ। তার অভিমত, ‘কিছু ক্লাবের’ ফিন্যানসিয়াল ফেয়ার প্লের চিন্তা না করলেও চলে!

ফিন্যানসিয়াল ফেয়ার প্লে নীতির ‘গুরুতর লঙ্ঘন’-এর কারণে ম্যানচেস্টার সিটিকে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল উয়েফা। তবে ক্রীড়া আদালতে আপিলের ফলে সে নিষেধাজ্ঞা থেকে রেহাই পায় সিটিজেনরা।

রায় আসার পর গত মঙ্গলবার এর প্রতিক্রিয়ায় মরিনহো একে ‘অপমানকর’ই বলে বসেছিলেন। লিভারপুল কোচ য়ুর্গেন ক্লপও একে ‘ফুটবলের জন্য খারাপ দিন’ আখ্যা দিয়েছিলেন।

গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে টটেনহ্যাম হটস্পারের দলবদল নিয়ে মরিনহোকে প্রশ্ন করা হলে আবারও পরোক্ষভাবে সিটির সমালোচনা করেন পর্তুগীজ কোচ। বলেন, ‘কিছু ক্লাবের জন্য এটা খুবই সহজ। আইন ভাঙুন, ফিন্যানসিয়াল ফেয়ার প্লের কথা ভুলে যান, ইচ্ছেমতো খরচ করে ভালো ভালো খেলোয়াড় দলে ভেড়ান, যা খুশি করতে পারেন!’

তিনি আরো যোগ করেন, ‘অন্যসব ক্লাবের জন্য আইন মেনে কাজ করাটা কঠিন। কারণ, অন্যায়ভাবে প্রতিযোগিতায় লড়ে আপনি আইন ভঙ্গকারী হিসেবে পরিচিতি চান না। আমাদের ক্লাবের এ স্বভাবের জন্য পরিস্থিতি জটিল হয়ে ওঠেছে। টটেনহ্যামকে আমি চুক্তি স্বাক্ষরেরও বহু আগ থেকে চিনি।’

গেল মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেললেও এবার ইউরোপা লিগ নিশ্চিত করতেই হিমশিম খাচ্ছে টটেনহ্যাম। পরবর্তী মৌসুমে ইউরোপায় খেলতে শেষ দুই ম্যাচে ছয় পয়েন্ট প্রয়োজন দলটির। এমন অবস্থায় দলকে উজ্জীবিত করতে কোচ মরিনহো খেলোয়াড়দের বলেছেন, শিরোপা থেকে দুই জয় দূরে আছেন তারা।

এ ব্যাপারে মরিনহোর ভাষ্য, ‘নিজেদেরকে উদ্দীপ্ত করতে হবে আমাদের। আমি আগেও বলেছি, আমি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি এক সময়। আমার অনেক খেলোয়াড়ই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছে। অন্যরা জেতেনি কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে নিয়মিতই খেলেছে। আমাদের অনুপ্রেরণা চাই। আমি চাই না তারা চ্যাম্পিয়ন্স লিগে খেলছে না বলে হতাশ হোক। এটা দলকে অনুপ্রাণিত করার একটা উপায়।’