খুলনায় চার হত্যা: জাকারিয়ার ভাই জাফরিন গ্রেফতার

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২১:৫৭

খুলনায় লোমহর্ষক চার হত্যাকাণ্ডের পর ঘটনার মূল হোতা আওয়ামী লীগ থেকে বহিস্কৃত নেতা এবং জাকারিয়া বাহিনীর প্রধান জাকারিয়ার অন্যতম সহযোগী ও তার ছোট ভাই জাফরিনকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার বিকাল সোয়া ৫টার দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার দাঁতপুর গ্রাম থেকে তাকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। তবে জাকারিয়াসহ অপর দুই ভাই এখনও পলাতক রয়েছে। 

এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার বিকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। ঘটনার পর থেকে মশিয়ালী গ্রামের সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তবে পুলিশের দাবি, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অপরদিকে, মশিয়ালী হত্যাকাণ্ডের ঘটনার নিন্দা, ক্ষোভ এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এদিকে, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবির জানান, বাকি অভিযুক্তদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে। 

কেএমপির উপ পুলিশ কমিশনার (উত্তর) সোনালী সেন জানান, অপরাধীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, স্থানীয় মসজিদ কমিটির সভাপতি পদের নির্বাচন ও মুজিবর নামে নিরীহ এক ব্যক্তিকে অস্ত্র দিয়ে পুলিশের হাতে সোপর্দ করার জের ধরে গত বৃহস্পতিবার রাতে খানজাহান আলী থানা আওয়ামী লীগের বহিস্কৃত নেতা এবং এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শেখ জাকারিয়া বাহিনীর গুলিতে নজরুল ইসলাম, গোলাম রসুল ও সাইফুল ইসলাম এবং ক্ষুব্ধ গ্রামবাসীর গণপিটুনিতে জাকারিয়ার চাচাতো ভাই শেখ জিহাদসহ চারজন নিহতের পর সন্ত্রাসী জাকারিয়া ও তার অপর তিন ভাই জাফরিন, মিল্টন ও কবির আত্মগোপন করে। 

ইত্তেফাক/এসি