হোয়াইট হাউজের গ্র্যান্ড ফয়ের থেকে সরানো হলো ক্লিনটন ও বুশের ছবি

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২২:০৩

সিএনএন

ঐতিহ্য ভেঙে হোয়াইট হাউজের প্রবেশমুখের গ্রান্ড ফয়ের থেকে যুক্তরাষ্ট্রের সাবেক দুই প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশের প্রতিকৃতি সরিয়ে নেওয়া হয়েছে। সাধারণত গ্রান্ড ফয়েরে সাম্প্রতিক প্রেসিডেন্টদের পেইন্টিং ঝুলানো থাকে। এখন এ দুই জনের ছবি ওল্ড ফ্যামিলি ডাইনিং রুমে রাখা থাকবে।

হোয়াইট হাউজের ওল্ড ফ্যামিলি ডাইনিং রুম খুবই ছোট্ট পরিসরের এবং দর্শনার্থীরা সেখানে যান না বললেই চলে। এখানে সাধারণত টেবিলক্লথ ও ফার্নিচার স্টোর করে রাখা হয়। ক্লিনটন ও বুশের ছবির জায়গায় ঝুলানো হয়েছে উইলিয়াম ম্যাককেনলির প্রতিকৃতি। তিনি ১৯০১ সালে খুন হন। এছাড়া তার ভাইস প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের ছবিও ঝুলানো হয়েছে। ম্যাককেনলির পরে তিনিই মার্কিন প্রেসিডেন্ট হন।

প্রবেশমুখের গ্রান্ড ফয়েরে ক্লিনটন ও বুশের ছবি থাকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রতিদিনই তা দেখতে হতো। ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন তার সম্প্রতি প্রকাশিত বইয়ে বলেছেন, ট্রাম্প বুশ ও বুশের বাবা উভয়কে ঘৃণা করেন। আর বিল ক্লিনটন হিলারি ক্লিনটনের স্বামী। হিলারি প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন। উল্লেখ্য,  ট্রাম্পের ঠিক আগের প্রেসিডেন্ট বারাক ওবামার কোনো প্রতিকৃতি তার চলতি মেয়াদে আনুষ্ঠানিকভাবে উন্মোচনই করা হয়নি।