ছাগলনাইয়ায় প্রবাসী পরিবারের ১৩ জনকে অজ্ঞান করে লুট

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২২:৪৫

ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা

ফেনীর ছাগলনাইয়ায় খাবারে চেতনানাশক প্রয়োগ করে তিন প্রবাসীর পরিবারের ১৩ জনকে অজ্ঞান করে নগদ টাকা, স্বর্ণালংকার লুটে নিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার পশ্চিম দেবপুর গ্রামে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। শনিবার সকালে অজ্ঞান ১৩ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রতিবেশীরা।

জানা যায়, ছাগলনাইয়া উপজেলার পশ্চিম দেবপুর গ্রামের মৃত জয়নাল আবদিন চৌধুরীর পুত্র বাহরাইন প্রবাসী জহিরুল ইসলাম চৌধুরী স্বপন ও রিয়াজুল করিম চৌধুরী এবং লন্ডন প্রবাসী নুরুল আফছার চৌধুরীর পরিবার প্রতিদিনের মতো শুক্রবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। শনিবার সকালে প্রতিবেশী আত্মীয় মাওলানা ফয়েজ আহাম্মদের স্ত্রী আলেয়া বেগম তাদের বাড়িতে গিয়ে দেখতে পান ঘরের সব সদস্য অজ্ঞান অবস্থায় বিছানায়, ফ্লোরে ও বাথরুমে পড়ে রয়েছেন। পরে প্রতিবেশীরা ১৩ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিত্সায় কিছুটা সুস্থ হওয়া গৃহবধূ মায়মুনা আক্তার মায়া জানান, দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তাদের তিনটি আলমারি থেকে নগদ ১০ লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, সন্ধ্যার কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরের খাবারে চেতনানাশক মিশিয়ে রাখে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিহাব উদ্দিন জানান, অসুস্থদের অবস্থা এখন আশঙ্কামুক্ত।