জাতিসংঘের সংস্কার চাইলেন মোদি

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২২:৪৭

ইত্তেফাক রিপোর্ট

মহামারি আক্রান্ত বিশ্বে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে আরো ‘মানবমুখী’ করা এবং ‘বহুপাক্ষিকতাকে’ জোরদার করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার জাতিসংঘের ‘ইকনোমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল’ (ইউএন-ইকোসকস)-এর উচ্চ পর্যায়ের ভিডিও সম্মেলনে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। গত ১৭ জুন ভারত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য (২০২১-২২ পর্যন্ত) নির্বাচিত হওয়ার পর জাতিসংঘের সদস্য দেশগুলোর উদ্দেশ্যে এই প্রথমবার ভাষণ দিলেন প্রধানমন্ত্রী মোদি।

ভাষণে নরেন্দ্র মোদি একদিকে তার সরকারের বিভিন্ন আর্থ-সামাজিক ক্ষেত্রে সাফল্যের কথা তুলে ধরেন, অন্যদিকে জাতিসংঘের সংস্কারের প্রয়োজনীয়তার প্রশ্নটিও উত্থাপন করেন। তিনি বলেন, ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’—ভারতের এই উন্নয়নমূলক নীতিটি কাউকে পিছনে না রেখে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রারই প্রতিফলন। উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার সময় পৃথিবীর প্রতি আমাদের দায়িত্ব ভুলে যাচ্ছি না। আমাদের তৃণমূলের স্বাস্থ্য ব্যবস্থা কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে বিশ্বের অন্যতম সেরা সুস্থতার হার অর্জন করতে সহায়তা করছে।

নরেন্দ্র মোদি বলেন, ভারতের এই বিশাল জনসংখ্যার আর্থ-সামাজিক সূচক উন্নয়নে সাফল্য বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। অন্য উন্নয়নশীল দেশগুলোর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে ভারতের প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন। তিনি ‘স্বচ্ছ ভারত অভিযানের’ মাধ্যমে সাফাই কার্যকলাপে উন্নতি, নারীর ক্ষমতায়ন, আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং ‘সকলের আবাসন’ ও ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের মতো জনকল্যাণমুখী কর্মসূচির মাধ্যমে আবাসন ও স্বাস্থ্যসেবাসহ চলমান একাধিক উন্নয়নমূলক প্রয়াস তুলে ধরেন।

আঞ্চলিক অগ্রাধিকার প্রসঙ্গে ভারতের ভূমিকার কথা বলতে গিয়ে মোদি বিভিন্ন দেশকে ওষুধ সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে ভারত সরকার এবং ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলোর সহায়তা প্রদান ও সার্কভুক্ত দেশগুলোর মধ্যে একটি যৌথ কৌশলগত প্রতিক্রিয়া সমন্বিত করার কথাও স্মরণ করেন। এই নিয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী ইকোসকে ভাষণ দিলেন। এর আগে ২০১৬ সালের জানুয়ারিতে ইকোসকের ৭০তম বার্ষিকীতে তিনি মূল ভাষণ দিয়েছিলেন।