বাংলাদেশে এসে জেএমবিতে যোগ দেয় ভারতের প্রজ্ঞা

আপডেট : ১৯ জুলাই ২০২০, ০০:২৪

তারিক হাসান, কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গের হুগলি জেলার ধনেখালী কলেজে সংস্কৃত বিষয় নিয়ে পড়াশোনা করত প্রজ্ঞা দেবনাথ। ২০১৬ সালে দাদির মৃত্যুর পর বাড়ি থেকে পালিয়ে যায়। ঐ ঘটনার ?চার বছর পর শনিবার বাবা-মা জানতে পারলেন তাদের মেয়ে প্রজ্ঞাই ঢাকায় গ্রেফতার হওয়া নব্য জেএমবির নারী জঙ্গি আয়েশা জান্নাত মোহনা ওরফে জান্নাতুল।

?হুগলির ধনেখালী থানার ভাণ্ডারহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কেশবপুর সদ্গোপ পাড়ার চালাঘরের বাসিন্দা প্রজ্ঞা। বাবা প্রদীপ দেবনাথ দিনমজুরের কাজ করেন। মা গীতা বাড়িতেই সেলাইয়ের কাজ করেন। প্রজ্ঞার মা গীতা বলেন, মেয়ে জঙ্গি দলে নাম লিখিয়েছে, ভাবতেই পারছি না। দোষী হলে ওর শাস্তি হোক।

প্রজ্ঞার মা গীতা জানালেন, প্রজ্ঞা এলাকার ভাণ্ডারহাটি বি এম হাইস্কুলে পড়ত। কলা বিভাগে পাশ করার পর ধনেখালী কলেজে সংস্কৃতে অনার্স নিয়ে ভর্তি হয়। তৃতীয় বর্ষে পড়াকালীন হঠাত্ই একদিন বাড়ি ছেড়ে চলে যায় প্রজ্ঞা। বহুদিন পর হঠাত্ একদিন মেয়ে বাড়িতে ফোন করে জানায়, সে বাংলাদেশে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার মা তাকে বাড়িতে ফিরে যাওয়ার কথা বললে ফোন কেটে দেয়। তারপর থেকে আর কোনো রকম যোগাযোগ হয়নি মেয়ের সঙ্গে।