ইত্তেফাক রিপোর্ট
ঢাকা থেকে ১১৯ দিন পর আবারও ফ্লাইট চালু করল তার্কিশ এয়ারলাইনস। গতকাল ভোরে ২১০ জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল (রা) আন্তর্জাতিক বিমানবন্দরে আসে তুরস্কের পতাকাবাহী একটি ফ্লাইট। এরপর সকাল ৭টা ১৩ মিনিটে ১৮৬ জন যাত্রী নিয়ে ঢাকা ছাড়ে তাদের ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ।
করোনা ভাইরাস মহামারির কারণে গত ২০ মার্চ থেকে ঢাকায় ফ্লাইট বন্ধ রেখেছিল তার্কিশ এয়ারলাইনস। দীর্ঘ সময় পর পুনরায় ঢাকা-ইস্তাম্বুল রুটে ফ্লাইট পরিচালনায় নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ব্যবহার করছে এয়ারলাইনসটি। জানা গেছে, ঢাকা থেকে সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করবে তার্কিশ এয়ারলাইনস। ঢাকা-ইস্তাম্বুল রুট হয়ে যাত্রীরা ইউরোপ, আমেরিকা, যুক্তরাজ্য, কানাডাসহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন। তার্কিশের নতুন নিয়ম অনুযায়ী, যাত্রীদের ভ্রমণের সময় করোনা আক্রান্ত না থাকার সনদ রাখতে হবে। ঢাকায় তার্কিশ এয়ারলাইনসের সেলস অ্যান্ড ট্রাফিক অফিসার এজাজ কাদরী বলেন, বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির নির্দেশনা অনুযায়ী ২৫ শতাংশ আসন ফাঁকা রাখা হচ্ছে।
