বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় শিলক খালের রাবার ড্যাম কাজে আসছে না!

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২১:০৪

রাঙ্গুনিয়ায় গত বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিতে ও পাহাড়ি ঢলের পানিতে শিলক খালের রাবার ড্যামের উজানে মরমের মুখ এলাকায় বেড়িবাঁধ ভেঙে যায়। দীর্ঘ সময়েও তা পুনঃনির্মাণ হয়নি। বর্তমানে বোরো মৌসুমের চাষাবাদের উপযুক্ত সময়। বেড়িবাঁধের পুনঃনির্মাণ না হওয়ায় রাবার ড্যামের আওতায় বিলসমূহের জমিতে পানি সেচের এখনও ব্যবস্থা হয়নি।

উপজেলা প্রকৌশলী দিদারুল আলম জানান, শিলক রাবার ড্যামের বেড়িবাঁধের ক্ষয়ক্ষতির তথ্য উপাত্ত কর্তৃপক্ষের নিকট পেশ করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে পুনঃনির্মাণ ও মেরামত করা হবে। এদিকে, রাবার ড্যামের পানি সেচ ব্যবস্থার জন্য কর্মসৃজন প্রকল্পের অর্থে বেড়িবাঁধ পুনঃনির্মাণ ও মেরামতের কথা বলা হলেও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সম্মতি মিলছে না।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকৌশলী গনপতি রায় বলেন, কর্মসৃজন প্রকল্পের অর্থে বেড়িবাঁধ নির্মাণ কাজ করার নিয়ম নেই। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার জানান, বেড়িবাঁধ নির্মাণ কাজে কর্মসৃজন প্রকল্পের অর্থ ব্যয়ের অনুমতি দেয়া যাবে না। কর্মসৃজন কর্মসূচির স্থানীয় কালিন্দিরানী সড়ক রাস্তা পুনঃনির্মাণ প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি শিলক ইউপি সদস্য কোব্বাদ আলী তালুকদার জানান, বেড়িবাঁধ পুনঃনির্মাণ কর্মসৃজন প্রকল্পের কাজের অন্তর্ভুক্ত নয়।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, রাবার ড্যামের আওতায় শিলকের বিখ্যাত তৈলিয়াভাঙ্গা বিলসহ বেশ কয়েকটি বিলের দেড়সহস্র একর জমিতে শিলক খালের রাবার ড্যামের আওতায় পানি সেচ ব্যবস্থায় বোরো চাষাবাদ হয়ে থাকে। গত বর্ষায় পাহাড়ি ঢলের তোড়ে রাবার ড্যামের উজানে মরমের মুখ এলাকায় বেড়িবাঁধের ৪ স্থানে ভেঙে যায়। ভাঙার স্থানগুলোতে ঢলের স্রোত গড়িয়ে দইখালী বিলের প্রায় দুইশত একর জমিতে বালুর স্তর পড়েছে। এসব জমি চাষাবাদের অনুপযুক্ত হয়ে পড়েছে।

বিলের কৃষক মোহাম্মদ মুছা জানান, বোরো চাষাবাদের উপযুক্ত সময় ঘনিয়ে এসেছে। বিলে সেচের জন্য রাবার ড্যামের উপরে পানির পর্যাপ্ত স্তর তৈরি হতে কমপক্ষে ২০ দিন সময় লাগে। অথচ ক্ষতিগস্ত বেড়িবাঁধ নির্মিত না হওয়ায় এখনও পর্যন্ত পানি ধারণের জন্য রাবার ড্যাম স্থির করা যায়নি। এতে এ বছর শিলকের তৈলিয়াভাঙ্গা, দইখালীসহ, পশ্চিম ও পূর্ব শিলকের বিলসমূহের দেড়হাজার একরের চাষাবাদ নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।

শিলক রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ শওকত জানান, গতবছর নির্বাচনে সরাসরি কৃষকের ভোটে নির্বাচিত হলেও তাকে দায়িত্ব দেয়া হয়নি। আগের কমিটির অব্যবস্থাপনায় রাবার ড্যামের আওতায় কৃষকেরা দুরাবস্থার সম্মুখীন হচ্ছে। তিনি বলেন, রাবার ড্যামের পানি সেচ ব্যবস্থার সময় বর্তমানে ২০ দিন পিছিয়ে গেছে। এখনও বেড়িবাঁধ নির্মাণের কাজ হয়নি। পানি সেচের অভাবে বিলের কৃষকেরা বীজতলা তৈরি করতে পারছে না। সমিতির সহ-সভাপতি শাহ আলম জানান, কৃষকের নিকট থেকে অর্থসংগ্রহ করে শীঘ্রই বেড়িবাঁধের পুনঃনির্মাণ কাজ শুরু করা হবে।

রাঙ্গুনিয়া উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না বলেন, নির্বাচিত সভাপতির দায়িত্ব হস্তান্তরসহ বিরাজমান অব্যবস্থাপনায় শিলক রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিলক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, নানা প্রতিকূলতার কারণে জাতীয় সংসদ নির্বাচনের আগে শিলক বেড়িবাঁধের পুনঃনির্মাণ ও সংস্কার কাজে হাত দেয়া সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত স্থানে জরুরিভাবে সংস্কার কাজ সম্পন্ন করে শিলক রাবার ড্যামের আওতায় বোরো চাষাবাদের জন্য পানি সেচ ব্যবস্থা করা হবে।