অবশেষে ক্রিকেট ফিরল মিরপুরে

আপডেট : ১৯ জুলাই ২০২০, ২০:২৯

দেবব্রত মুখোপাধ্যায়

ক্রিকেট তো খেলছেন জ্ঞান হওয়ার পর থেকেই।

২০০২ সালে বিকেএসপিতে ভর্তি হয়েছেন মোহাম্মদ মিঠুন। এরপর গত ১৮ বছরের ক্যারিয়ারে এমন সময় আর আসেনি। চার মাস কখনো ক্রিকেট থেকে দূরে থাকতে হয়নি।  কোনো ইনজুরি নেই, নিষেধাজ্ঞা নেই; তারপরও চারটে মাস কেবল শুয়ে-বসে আর একটু শরীরচর্চা করে কাটিয়েছেন। আর পারছিলেন না। অস্থির হয়ে উঠেছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মিঠুন। যেন একটু মাঠে ফিরতে পারলে বাঁচেন। অবশেষে সেই মুক্তিটা পেলেন। গতকাল মাঠে এলেন এবং চার মাস পর ব্যাট-বল ধরে অনুশীলন করলেন।

কেবল মিঠুন নন; দেশের চারটি ভেন্যুতে আট জন জাতীয় ক্রিকেটার কাল চার মাস পর ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করেছেন। আজ সেই তালিকায় নাম লেখাবেন ইমরুল কায়েস। করোনার জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে প্রাণ ফিরে পেল স্টেডিয়াম। অবশেষে আবার খেলোয়াড়, মাঠকর্মী ও সাংবাদিকের পদচারণায় একটু হলেও মুখর হয়ে উঠল শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

গতকাল মিরপুরে মিঠুন ছাড়াও অনুশীলন করলেন মুশফিকুর রহিম ও শফিউল ইসলাম। মুশফিক ও মিঠুন দৌড়ানোর পাশাপাশি একটু ব্যাটিংও করলেন। শফিউল শুধু দৌড়ালেন আর জিম করলেন।

কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল স্টেডিয়ামে। খেলোয়াড়দের অনুশীলনের পোশাক বাসা থেকেই পরে আসতে হয়েছে। একজনের সঙ্গে আরেকজনের দেখারও সুযোগ মেলেনি। সাংবাদিকরাও যেতে পারেননি খেলোয়াড়দের কাছে।

তারপরও এই ফেরাটা বিরাট একটা স্বস্তির ব্যাপার বলে বলছিলেন মিঠুন, ‘মানসিকভাবে যেন একটা মুক্তি পেলাম। বাসায় দম বন্ধ লাগছিল। ব্যাট ধরার জন্য অস্থির হয়ে গিয়েছিলাম। শেষ পর্যন্ত মাঠে আসতে পেরে খুব ভালো লাগছে।’

এর মধ্যে ব্যাটিং করতে পারাটাকেই বড় প্রাপ্তি মনে করছেন মিঠুন, ‘আমরা দীর্ঘ চার মাস পর মাঠে অনুশীলন করার সুযোগ পেয়েছি। মাঠে ফিরে ভালো লাগছে। ব্যাটিং, রানিং, সবকিছুই একটু কঠিন মনে হচ্ছে। কারণ এতদিন আমরা সবকিছুই বাসায়, ইনডোরে করেছি। মাঠে মানিয়ে নিতে একটু সময় লাগবে। আশা করছি কয়েকদিনের মধ্যে আমরা সবকিছু আগের মতোই ফিরে পাব।’

শফিউল বলছিলেন, দৌড়ানোর সুযোগ পাওয়াটাই তার জন্য খুব উপকারের হয়েছে, ‘করোনা পরিস্থিতির কারণে বাইরে দৌড়ানোর সুযোগ ছিল না। কিন্তু ফিটনেস নিয়ে তো কাজ না করলেও নয়। তাই বাসার সিঁড়িতে কিছুদিন দৌড়েছি। কিন্তু সমস্যা হচ্ছে, সিঁড়িতে দৌড়ালে হাঁটু ব্যথা হয়ে যেত। ভালোভাবে আজই প্রথম রানিং করলাম।’