স্পোর্টস রিপোর্টার
জুনিয়র ডিভিশনে খেলা ফুটবলার রিপন কুমার দাসকে বাফুফে ফর্টিস ফুটবল একাডেমিতে নিয়মনীতি মেনে চাকরি দেওয়া হবে। ঢাকা জুনিয়র, কসাইটুলী সমাজ কল্যাণ, পিডব্লিউডিতে খেলা এবং চ্যাম্পিয়নশিপ লিগে টিএন্ডটি ক্লাবে নাম লেখানো রিপন বর্তমানে ফরিদপুরে সড়ক ও জনপথ বিভাগে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করছিলেন।
বাফুফে জানিয়েছে রিপনকে জাতীয় দলের ক্যাম্পের সঙ্গে সম্পৃক্ত করা হতে পারে। ঢাকার বেরাইদে ফর্টিজ গ্রুপের এমডি শাহাদাত হোসেন গতকাল রিপনকে তার কার্যালয়ে ডেকে নিয়ে চাকরি দেওয়ার বিষয়টির সঙ্গে অর্থ সহযোগিতাও করেছে বলে জানিয়েছে বাফুফে। এই রিপনকে গতকাল বিকালে সাইফ পাওয়ারটেক হতেও অর্থ সহযোগিতা দেওয়া হয়েছে।
রিপন ছাড়াও নারায়ণগঞ্জের আরিফ, খুলনার হাসান আল মামুনকে ৫০ হাজার টাকা করে দেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (বিডিডিএফএ) মহাসচিব এবং বাংলাদেশ ফুটবল ক্লাবস অ্যাসোসিয়েশনের (বিএফসিএ) সভাপতি তরফদার রুহুল আমিন। সেই সঙ্গে তাদেরকে যোগ্যতা অনুযায়ী চট্টগ্রাম আবাহনী সাইফ স্পোর্টিং ক্লাবে খেলার সুযোগ দেওয়ার কথাও জানানো হয়।
