মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
মোংলায় চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার হাতে আটক দুই চোরকে ৬ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ওই দুই চোরকে বাগেরহাট জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
চাঁদপাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বর মোঃ জাহাঙ্গীর আলম শিকদার বলেন, যে দুজনকে ধরা হয়েছে এবং জেল দেয়া হয়েছে তারা শহরের চিহ্নিত চোর। চুরি হওয়া মালামাল তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
গ্রামবাসী জানান, চাঁদপাই ইউনিয়নের ২নং ওয়ার্ডের জয়বাংলা ব্রিজ সংলগ্ন আরব আলীর (৫০) স্ত্রী বৃস্পতিবার বিকালে বাড়ির গোয়ালে গরুর খাবার দিচ্ছিল। এ সময় ঘরে কেউ না থাকার সুযোগে সংঘবদ্ধ চোরের দল ওই ঘরে ঢুকে আলমারীতে থাকা স্বর্ণের আংটি, চুড়ি, মোবাইল ফোনসহ ১৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পথিমধ্যে স্থানীয় লোকজন ওই চোরদের ধাওয়া করে চক্রের দুই সদস্য মুন্না (২২) ও রাজু (২৩)কে ধরে পিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে ওই দুই চোর রাজু ও মুন্নাকে ৬ মাস করে কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ওই দুজনকে বিকালেই বাগেরহাট জেলহাজতে পাঠিয়েছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টায় মোংলা থানায় ডিউটি অফিসার মোঃ মাহফুজুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্তদের মধ্যে মুন্নার বাড়ি পৌর শহরের রাতারাতি কলোনি ও রাজুর বাড়ি বালুর মাঠ এলাকায়।
