স্পোর্টস রিপোর্টার
খুব বেশিদিন আগের কথা নয়, যখন অস্ট্রেলিয়া দলের রণকৌশলটা এই দু’জনই সাজাতেন। শুধু রণকৌশল সাজানোই নয়, মাঠে এই দু’জনের পারফরম্যান্সের ওপরই নির্ভর করতো অস্ট্রেলিয়া দলের সাফল্য ব্যর্থতা। তবে, গেল মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং কেলেঙ্কারির জের ধরে দু’জনই বর্তমানে নিষিদ্ধ আন্তর্জাতিক ক্রিকেটে। তবে, আন্তর্জাতিক অঙ্গনের দূরে থাকলেও আজো এই দু’টি নামই আলোচনার ঝড় তুলতে যথেষ্ট।
সেই দু’জন হলেন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে এই দু’জন মুখোমুখি হবেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। শুধু মুখোমুখি হওয়াই নয়, দু’দলের অধিনায়কত্বের বাড়তি দায়িত্বও তাদের কাঁধে। সিলেট সিক্সার্সের নেতৃত্ব দেবেন ওয়ার্নার। আর সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ নেতৃত্ব দেবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। ফলে, বাংলাদেশ তো বটেই বৈশ্বিক ক্রিকেট সমর্থকরাও আজ চোখ রাখবেন বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিতব্য ম্যাচটার দিকে।
বিপিএলে ওয়ার্নার-স্মিথদের মত ক্রিকেটারদের উপস্থিতিকে দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক মনে করছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইমরুল কায়েস। তিনি বলেন, ‘বিপিএল আসার পর থেকে আমাদের স্পেশালি সাদা বলের ক্রিকেটের অনেক উন্নতি হয়েছে এবং অনেক খেলা চেঞ্জ হয়ে গেছে। এখন ১৪০-১৪৫ গতির বল সহজেই হ্যান্ডেল করতে পারে যেটা আগে ছিল না। তাদের সাথে প্র্যাকটিস করা পরবর্তী স্টেপের জন্য বা জাতীয় দলে খেলা সহজ হয়ে যায়। এটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় প্ল্যাটফর্ম।’
স্মিথ-আফ্রিদিদের সাথে খেলতে পারাকে বড় প্রাপ্তি মানছেন ইমরুল। তিনি বলেন, ‘আসলে স্মিথ তো বটেই, অনেক খেলোয়াড়ের সাথেই তো খেলার অভিজ্ঞতা নাই কিন্তু খেলে ফেলা হয়। ক্রিকেট লাইফে এটা হতেই পারে। শহিদ আফ্রিদির সঙ্গেও আগে কখনও খেলিনি, কিন্তু এবার খেলবো।’
সিলেট সিক্সার্সের লিটন দাস মনে করছেন, ওয়ার্নারের অভিজ্ঞতা দলের কাজে লাগবে। তিনি বলেন, ‘আমাদের অধিনায়ক বেশ অভিজ্ঞ। আমরা আশা করছি ভালো একটা ম্যাচ হবে।’
প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাপারে তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমরা জয় চাই। জয় দিয়েই শুরু করতে চাই টুর্নামেন্ট। যারা ভালো খেলবে তারা জিতবে। তবে আমরা জয়ের জ?ন্যই খেলবো। যে দল ভালো খেলবে তারাই জিতবে।’
বিপিএলে একই দিনে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। গতকাল প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে হেরে বিপর্যস্ত মাশরাফি বিন মুর্তজার দল। আজ দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ মাহমুদউল্লাহ রিয়াদের দল খুলনা টাইটান্স।
