অর্থনৈতিক উন্নয়নের ফলে নারীশিক্ষার হার বেড়েছে -------- তাসমিমা হোসেন

আপডেট : ১৯ জুলাই ২০২০, ২৩:১০

দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন বলেছেন, আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের ফলে দেশে নারীশিক্ষার হার বেড়েছে, যে কারণে বর্তমান সময়ে নারীশিক্ষা প্রসারের ওপর জোর দেওয়া হয়েছে। নারী-পুরুষ উভয়েই উপার্জনশীল হলে পরিবারের আর্থিক সংকট এড়ানো সম্ভব হয়। গতকাল রবিবার সকালে পিরোজপুরের ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের নবগঠিত পরিচালনা পরিষদের সদস্যগণের পরিচিতি সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, করোনা পরিস্থিতির কারণে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় কর্তৃপক্ষ অনলাইনে শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা চালু করেছে। কিন্তু কোথাও কোথাও অভিযোগ রয়েছে, কলেজ অধ্যক্ষসহ কিছু শিক্ষক কর্মস্থলে অনুপস্থিত থেকে শিক্ষাদানের এই পদ্ধতি চালু রাখতে অক্ষমতা দেখান, যা মোটেই অভিপ্রেত নয়, অথচ তারা নিয়মিত বেতন-ভাতা নিয়ে চলেছেন।

পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য (ভাণ্ডারিয়া-কাউখালী), বিশিষ্ট নারী সংগঠক ও সাংবাদিক তাসমিমা হোসেন ঐ কলেজের গভর্নিং বডির সভাপতি। সভার শুরুতে নির্ধারিত আলোচ্যসূচির ওপর বিষয়ভিত্তিক বক্তব্য পেশ করা হয়। সভাপতি প্রথমেই বিগত সভার কার্যবিবরণী নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন মামুন বিগত সভার ভুল তারিখের রেজুলেশন পাঠ করা নিয়ে সভাপতি নিজেই উদ্যোগী হয়ে সঠিক রেজুলেশন পাঠ করেন। এরপর বিস্তারিত সিদ্ধান্ত গ্রহণে নতুন গভর্নিং বডির সদস্যদের সঙ্গে তিনি এ নিয়ে আলোচনা করেন। এ সময় গভর্নিং বডির অভিভাবক সদস্য মো. মহসিন মিয়া শাহিনের পরামর্শে কলেজের জন্য দুই বছরের আর্থিক পরিকল্পনার দাবির পরিপ্রেক্ষিতে তা সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। কলেজের জনৈক সহকারী অধ্যাপকের বিষয়ে উত্থাপিত আলোচনার পরিপ্রেক্ষিতে এ ঘটনার বিষয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য ও ভাণ্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, সদস্য ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য মো. আবুল কালাম হাওলাদার, আব্দুস সালাম হাওলাদার, মহসিন মিয়া শাহিন, বিশ্বাস সাইদুর রহমান, আব্দুল হালিম হাওলাদার, রেশমা আক্তার প্রমুখ।

জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন গতকাল রবিবার রাতে ভাণ্ডারিয়া উপজেলা জেপি অফিসে নেতাকর্মীদের এক সমাবেশে বক্তব্য রাখেন। জাতীয় পার্টি-জেপির নবগঠিত উপজেলা ও পৌর কমিটি এবং অঙ্গসংগঠনসমূহের নেতাকর্মীদের এ পরিচিতি সভায় উপজেলা জেপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা জেপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক  ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, উপজেলা জেপির যুুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার ও উপজেলা জেপির সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, উপজেলা জাতীয় মহিলা পার্টির সভানেত্রী ও ভাণ্ডারিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, পৌর জেপির আহ্বায়ক মো. জামাল উদ্দিন মিয়া স্বপন, পৌর যুব সংহতির সদস্যসচিব মামুনুর রশীদ সরদার প্রমুখ।