করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে নিকটস্থ বুথে নমুনা দেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সবাই শনাক্ত করতে এবং নমুনা পরীক্ষায় সহায়তা করুন। নমুনা সংগ্রহের বুথে বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত নমুনা দিতে পারেন। যারা বুথে যেতে পারবেন না তাদের জন্য রাজধানীতে বাসায় গিয়ে নমুনা সংগ্রহের বিশেষ ব্যবস্থা আছে। তাই সবার প্রতি অনুরোধ, আপনারা কোনো রকম আতঙ্কিত না হয়ে পরীক্ষা করার জন্য নমুনা দিন, শনাক্ত করতে সহায়তা করুন। এই মহামারিকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করুন।’
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭ জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪৬ জন। শনিবারের চেয়ে গতকাল ৩ জন বেশি মারা গেছেন। দেশে এ ভাইরাসে মারা গেছেন ২ হাজার ৬১৮ জন। করোনা শনাক্তের বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ। আগের দিনও এই হার ছিল ১ দশমিক ২৮ শতাংশ। অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪৬ জন। শনিবার সুস্থ হয়েছিলেন ১ হাজার ৩৭৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৪২ জন। তিনি জানান, গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৫৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫৪ দশমিক ৪৯ শতাংশ। অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৬২৫ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৪৫৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট ১০ লাখ ২৮ হাজার ২৯৯ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ৪ হাজার ৫২৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
ডা. নাসিমা সুলতানা জানান, ‘করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৯৩৫ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১০ হাজার ৬৩২ জনের। গত ২৪ ঘণ্টায় দেশের ৮০টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ৬২৫ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১০ হাজার ৯২৩ জনের। গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে ২৯৮টি কম নমুনা পরীক্ষা হয়েছে।
