বড় জয়ে সেমিফাইনালে টটেনহ্যাম

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২১:১৪

স্পোর্টস ডেস্ক

শিরোপা প্রত্যাশী টটেনহ্যাম হটস্পার এফএ কাপের তৃতীয় রাউন্ডে ট্রানমেয়ারকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছে। শেষ চারে চেলসির মুখোমুখি হবে তারা।

বড় জয় পেলেও শুরুতে চতুর্থ সারির দলটির জমাট রক্ষণ ভাঙতেই পারছিলো না কোচ মরিসিও পচেত্তিনোর শিষ্যরা। ৪০ মিনিটে সে বাঁধা ভাঙেন দলের ফরাসি রাইটব্যাক সার্জি অরিয়ে। বক্সের বাইরে থেকে তার দূরপাল্লার প্রয়াসে পাওয়া গোলের সুবাদে এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সফরকারীরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল উত্সবে মাতে স্পার্সরা। স্প্যানিশ ফরোয়ার্ড ফার্নান্দো লরেন্তের হ্যাটট্রিকের মাঝে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি তুলে নেন উত্সবের সূচনাকারী অরিয়ে। সঙ্গে সন হিউং মিন এবং হ্যারি কেইন লক্ষ্যভেদ করলে ক্লাবের ১৩৬ বছরের ইতিহাসে প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বড় জয়টি নিয়ে মাঠ ছাড়ে পচেত্তিনোর শিষ্যরা।  

এমন জয়ের পর কোচ পচেত্তিনো জানান, চারটি প্রতিযোগিতাতেই টিকে থাকা তার দলের লক্ষ্য। তিনি বলেন, ‘এফএ কাপের পরের রাউন্ডে ওঠাটা দারুণ। দলের জন্য এটি গুরুত্বপূর্ণ এক জয়। চারটি প্রতিযোগিতাতেই টিকে থাকার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।’