সিংগাইরে বিদ্যুতের খুঁটির সাপোর্টিং তারে জড়িয়ে মো. মকবুল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গীর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন ঐ গ্রামের মো. আব্দুর রহিম মোল্লার পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বছর খানেক আগে ঐ গ্রামের মৃত মোন্নাফ মোল্লার স্ত্রী জরিনা বেগম তার জমির ওপর স্থাপিত বৈদ্যুতিক খুঁটির সাপোর্টিং তার কেটে ফেলেন। এতে স্থানীয়রা বিষয়টি পল্লী বিদ্যুত্ অফিসকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। শুষ্ক মৌসুমে দুর্ঘটনা না ঘটলেও চলমান বর্ষায় খুঁটির নিচে জমে থাকা পানিতে সাপোর্টিং তার মূল লাইনের তারের সঙ্গে স্পর্শ হওয়ায় বিদ্যুত্ সঞ্চালন ঘটে।
মকবুল সকালে বাড়ির পাশের জমিতে ঘাস কাটতে যাওয়ার পথে ঐ বিদ্যুতের তার পায়ে জড়িয়ে গেলে ঘটনাস্থলে পড়ে থাকে। এ সময় এক প্রতিবেশী তাকে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন। পরে বিদ্যুত্ অফিসে যোগাযোগ করে লাইন বন্ধ করে তাকে উদ্ধার করেন। এ সময় মকবুলের ডান পায়ে তার জড়ানোর স্থানে গভীর ক্ষত চিহ্ন দেখা যায়।
স্থানীয় লোকজন খুঁটির সাপোর্টিং তার কাটার দায়ে জরিনা বেগমকে আটক করেছেন। আটককৃত জরিনা বেগম তার কাটার কথা স্বীকার করে বলেন, এতে বিচারে যা কিছু হয়, আমি তা মাথা পেতে মেনে নেব। ধল্লা পল্লী বিদ্যুত্ অভিযোগ কেন্দ্রের লাইনম্যান সাইফুল ইসলাম বলেন, এর আগে তার কাটা সম্পর্কে কোনো অভিযোগ আসেনি।
এ ব্যাপারে সদ্য যোগদানকারী সিংগাইর পল্লী বিদ্যুত্ জোনাল অফিসের ডিজিএম কাইজার নূর বলেন, জরিনা বেগমের বিরুদ্ধে যথাযত ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে ।
