স্পোর্টস রিপোর্টার
আইওসির বৃত্তি পেয়ে দুই বছরের জন্য জাতীয় দলের সাঁতারু আরিফুল ইসলাম সেপ্টেম্বরে ফ্রান্সে যান। প্যারিস হতে ১২০ কিলোমিটার দূরে তার প্রশিক্ষণ কেন্দ্র। চার মাসের প্রশিক্ষণে অকল্পনীয় উন্নতি হয়েছে এই সাঁতারুর। আরিফুল যখন যান তখন ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে তার টাইমিং ছিল ২ মিনিট ২৯ সেকেন্ড। এই চার মাসের প্রশিক্ষণে উন্নতি হয়ে টাইমিং ২ মিনিট ২১ সেকেন্ড। ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ১ মিনিট ৭ সেকেন্ড থেকে কমে এখন ১ মিনিট ৫ সেকেন্ড হয়েছে। ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ৩০.১০ সেকেন্ড থেকে কমে ২৯.৭০ সেকেন্ড হয়েছে। ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ১ মিনিট ৫ সেকেন্ড থেকে কমে এটাকে ১ মিনিট ১ সেকেন্ডে নিয়ে যেতে চান আরিফুল। ফ্রান্স থেকে ফোনে ঢাকায় কথা বলেন এই সাঁতারু। আরিফুল ইসলাম বলেন,‘জুলাইয়ে কোরিয়ায় ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপ আছে। সেটা আমার জন্য চ্যালেঞ্জ, সেখানে ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক ১ মিনিট ১ সেকেন্ডে শেষ করতে চাই আমি। সেটা করতে পারলেই আমি অলিম্পিকে সরাসরি অংশ নিতে পারবো।’ আরিফুল টাইমিং ভালো করতে পারলে এসএ গেমসে সোনার পদক আশা করেন। আরিফুল বলেন,‘আমি আশাকরি এসএ গেমসের ১০০ মিটার ও ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে দুটো সোনা জিতবো। গত এসএ গেমসে ভারতের প্রকাশ ১০০ মিটার সোনা জিতেছে ১ মিনিট ২ সেকেন্ডে এবং ৫০ মিটার জিতেছে ২৮ সেকেন্ডে। আমার যে উন্নতির ধারা আগামী সেপ্টেম্বরের মধ্যে আমার টাইমিং অনেক ভালো হবে।’ তিনি বলেন,‘এখানে শহরে বিভিন্ন ক্লাব এবং এলাকাভিত্তিক কম্পিটিশনে খেলে ৫টি সোনা জিতেছি। তাতে আত্মবিশ্বাসও বাড়ছে। একমাস ছুটি দিয়েছিল, আমি ছুটি নিচ্ছি না প্রশিক্ষণ নিতে চাই।’
