চোরের ছুরিকঘাতে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ২০ জুলাই ২০২০, ০০:৪৬

দিনদুপুরে বাসায় চোর প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে চোরকে ধরার চেষ্টা করলে গৃহকর্তা চোরের হামলার শিকার হন। একপর্যায়ে চোরের উপর্যুপরি ছুরিকাঘাতে মারা যান গৃহকর্তা। গতকাল শনিবার দুপুরে রাজধানীর শনিরআখড়ার গোবিন্দপুর হাজি মসজিদের সামনের একটি বাসার ৫ তলায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত গৃহকর্তার নাম তাজুল ইসলাম (৪০)। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে হূদয় নামে এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত তাজুলের স্ত্রীর বড়ভাই আজমল হোসেন জানান, তাজুলের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জে। ডাক্তারির পাশাপাশি শনিরআখড়ার গোবিন্দপুর হাজি মসজিদের সামনে ওষুধের ব্যবসা করতেন তিনি। ঐ ভবনের ৫ম তলায় তাজুল ইসলাম পরিবার নিয়ে বসবাস করেন। করোনার কারণে তিনি স্ত্রী ও দুই সন্তানকে দুই মাস আগে গ্রামের বাড়ি পাঠিয়ে দেন। সারাদিন ফার্মেসির কাজে ব্যস্ত থাকায় বাসা ফাঁকাই থাকে। দুপুরে দোকান বন্ধ করে বাসায় গিয়ে দেখেন চোর বাসার মালামাল চুরি করছে। তখন তিনি  চোরকে ধরতে গেলে চুরি করতে আসা হূদয় নামে একজন তাজুলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, চুরি করে পালানোর সময় স্থানীয়রা দুইজনকে আটক করে। পরে তাদের স্থানীয় রতন মেম্বারের হেফাজতে দেওয়া হয়।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ব্যবসায়ী তাজুলের বাসায় একজনই চুরি করতে গিয়েছিল। যা সিসিটিভির ক্যামেরায় দেখা গেছে। পরে ঘাতক হূদয়কে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা হয়েছে।