বন্যার্তদের পাশে দাঁড়ান

আপডেট : ২০ জুলাই ২০২০, ২১:১৪

বন্যার থাবায় দুর্ভোগ বেড়েছে শতগুণ। হঠাত্ করেই বেড়ে চলেছে নদীর পানি। চোখের পলকে যেন ভেসে গেল শত শত গ্রাম। বন্যায় কবলিত চারপাশ। স্রোতের টানে ভেসেছে বাড়িঘর। বেঁচে থাকার তাগিদে আশ্রয় খুঁজেছে ভাসমান নৌকায় আসবাবপত্র ও গবাদিপশু নিয়ে। অনেকে আশ্রয়স্থল পেলেও করোনা মহামারিকালীন তাদের দুর্ভোগের সীমা নেই। যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় জামালপুরে দেড় লক্ষাধিক মানুষ আশ্রয় হারিয়েছে। প্রায় তিন হাজার হেক্টর আবাদি জমি বন্যায় ভেসে গিয়েছে। গবাদিপশু যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। গবাদিপশু নদীর স্রোতে ভেসে গেছে। যথাযথ সময়ে নদীভাঙন রোধ সম্ভব হয়নি। বাঁধ নির্মাণ করা হলেও অল্পতে ভেঙে গিয়েছে। দুর্নীতির কবলে যেন প্রতিটি স্তরই ক্ষতিগ্রস্ত। এ অবস্থায়, বন্যার্ত পরিবারের পাশে সরকারের সহযোগিতা একান্ত কাম্য। সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের সাহায্য-সহযোগিতাই ফিরিয়ে আনতে পারে তাদের সোনালি দিন।

খায়রুজ্জামান খান সানি

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া