গতকাল খুলেছে সাংহাই থেকে চেংদু পর্যন্ত হলগুলো
রয়টার্স
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ছয় মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর চীনের সিনেমা হলগুলো পুনরায় খুলে দেওয়া হচ্ছে। এ যাত্রায় সাংহাই থেকে চেংদু পর্যন্ত সিনেমা হলগুলো গতকাল খুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে আশা করা হচ্ছে, ভয়াবহ করোনার ধকল কাটিয়ে চীন তাদের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্র বাজারে আবার ঘুরে দাঁড়াতে পারবে। আর এর মাধ্যমে তারা করোনার বেদনাদায়ক অধ্যায় ভুলে যেতে পারবে বলেও মনে করা হচ্ছে।
গত সপ্তাহে চীনের পক্ষ থেকে বলা হয়েছিল, কম ঝুঁকিপূর্ণ এলাকায় তারা মুভি থিয়েটারের অনুমতি দিবে। তারই প্রতিশ্রুতি হিসাবে গতকাল তারা এটা শুরু করেছে। তবে এ ক্ষেত্রে তারা নিয়ম-নীতি ও স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও বলেছে। গত জানুয়ারি থেকে চীনে সিনেমা হল বন্ধ থাকায় লাখ লাখ ডলারের ক্ষতি হয়েছে। অনেকেই ব্যবসা ছাড়তে বাধ্য হয়েছে। এখন সীমিত পরিসরে এবং কঠোর স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হলগুলো খোলা হচ্ছে। লোক বসবে মাত্র ৩০ শতাংশ সিটে। আগের তুলনায় অর্ধেক সিনেমা দেখানো হবে। যারা হলে যাবেন তাদের তাপমাত্রা মাপা হবে এবং মাস্ক পরা সবার জন্যই বাধ্যতামূলক। টিকিট কিনতে হবে অনলাইনে। দর্শকদেরকে এক মিটার দূরত্ব রেখে বসতে হবে। হলে নিষিদ্ধ থাকবে খাবার কিংবা পানীয়ও। গতকাল বিকালের মধ্যেই ৪ লাখ ৩৩ হাজার ৬৬২ ডলার মূল্যের সিনেমার টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে চীনের মাওইয়ান এন্টারটেইনমেন্ট।
মার্চ থেকে চীনে করোনা ভাইরাস সংক্রমণ অনেকটা কমে আসায় দেশের বেশির ভাগ এলাকাই এখন কম ঝুঁকিপূর্ণ বলে গণ্য হচ্ছে। যদিও গত কয়েকদিনে উরুমছির কিছু অঞ্চল এবং আরো পশ্চিমের শিনজিয়াং অঞ্চলে নতুন করে প্রাদুর্ভাবে ঐ জায়গাগুলো মাঝারি ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত হয়েছে। ফলে অনেক জায়গায় সিনেমা হল খুললেও আরো অনেক শহরেই সিনেমা হল এখনো বন্ধ রয়েছে। রাজধানী বেইজিংয়ে সিনেমা হল খোলার সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষের ওপর।
