ফ্রান্সে করোনা প্রতিরোধে পূর্ব ঘোষণা অনুযায়ী গণপরিবহনসহ পাবলিক প্লেসে মাস্ক না পরলে যে জরিমানা ধার্য করার ঘোষণা দেওয়া হয়েছিল তা গতকাল থেকে কার্যকর করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জিয়ান ক্যাসটেক্স গত সপ্তাহে এ ঘোষণা দিয়েছিলেন। নতুন জারি করা এ ডিক্রিতে কেউ এর অবমাননা করলে তাকে ১৩৫ ইউরো কিংবা বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার টাকা জরিমানা গুনতে হবে।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস-এর হিসাব অনুযায়ী, ফ্রান্সে এখন পর্যন্ত ১ লাখ ৭৪ হাজার ৬৭৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩০ হাজার ১৫২ জনের মৃত্যু হয়েছে। করোনার ধকল কাটিয়ে সুস্থ হয়ে উঠেছে ৭৯ হাজার ২৩৩ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। উত্পত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনা ভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়া জুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
