ধানের দাম বেশি
বিমল সাহা, ভ্রাম্যমাণ প্রতিনিধি
চলতি মৌসুমে পশ্চিমের ছয় জেলায় রেকর্ড পরিমাণ জমিতে আউশ ধানের চাষ হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ১৫ হাজার ১১৮ হেক্টর বেশি জমিতে আউশের চাষ হয়েছে। বাজারে ধানের দাম বেশি হওয়ায় চাষি আউশ চাষে ঝুঁকছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর আঞ্চলিক অফিস সূত্রে জানা যায়, যশোর জেলায় ১৭ হাজার ১৫ হেক্টরে, ঝিনাইদহ ৩৫ হাজার ৪৯০ হেক্টরে, মাগুরা জেলায় ৫ হাজার ৩৯০ হেক্টরে, কুষ্টিয়া জেলায় ২৭ হাজার ৫০০ হেক্টরে, চুয়াডাঙ্গা জেলায় ৪৯ হাজার ১৭৩ হেক্টরে ও মেহেরপুর জেলায় ২০ হাজার ৮৩০ হেক্টরে আউশ ধানের চাষ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা জানান, আবহাওয়া অনুকূল থাকায় আউশ ধানের অবস্থা ভালো। কোনো কোনো খেতের ধানে শীষ বের হচ্ছে আবার কোনো কোনো খেত থোর অবস্থায় আছে। আগাম চাষ করা দুই একটি খেতের ধান পাকতে শুরু করেছে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ব্রহ্ম?পুর গ্রামের চাষি মফিজুল ইসলাম জানান, ধানের দাম বেশি হওয়ায় এবার চাষি আউশ ধানের আবাদ বাড়িয়ে দিয়েছে। আগের দিনে শুধু আউশ ও আমন ধানের চাষ হতো। পরিবর্তে ফলন বেশি হওয়ায় বোরো চাষে ঝুঁকতে থাকে। মেহেরপুর জেলার সদর উপজেলার তেরঘরিয়া গ্রামের চাষি জিয়াউর রহমান জানান, বিগত কয়েক বছর ধরেই চাষি আউশ চাষে ঝুঁকছে। এবার ধানের দাম বেশি থাকায় আউশ চাষ আরো বাড়িয়ে দিয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর আঞ্চলিক অফিসের অতিরিক্ত পরিচালক পার্থ প্রতীম সাহা জানান, আউশ আবাদ বৃদ্ধির জন্য চাষিদের প্রণোদনা দেওয়া হচ্ছে। এবার আউশ চাষে ছয় জেলায় প্রণোদনা হিসেবে ৩৭ হাজার চাষিকে বীজ ও সার প্রদান করা হয়েছে। বাজারে ধানের দাম বেশি থাকায় চাষি আউশ চাষে ঝুঁকেছে বলে তিনি আরো জানান।
